বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট এপ্রিলে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দিল্লি ফ্লাইট এপ্রিলে চালু হচ্ছে । আজ সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে তাঁর দপ্তরে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাতের সময় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর মন্ত্রণালয় প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা-গুয়াহাটি ফ্লাইট চালুর বিষয়ে রাশেদ খান মেননের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সেখানে উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনে গুরুত্বারোপ করা হয়।
এ প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলং এর যাত্রীরা সিলেট বিমান বন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করতে পারবেন। এ ছাড়াও সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। মন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উত্তরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তিস্তার পানি বণ্টন চুক্তি জরুরি বলে রাশেদ খান মেনন মন্তব্য করলে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, এ ব্যাপারে ভারত অত্যন্ত সজাগ ও সচেতন।