বিমানের তিনটি গন্তব্যে ফ্লাইট বন্ধ, পাঁচটিতে কাটছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আরও পাঁচটি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটসূচি কাটছাঁট করা হয়েছে।গত মঙ্গলবার রাতে বিমান পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর মধ্যে ঢাকা-দিল্লি, ঢাকা-হংকং ও ঢাকা-করাচি গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ এবং ঢাকা থেকে ম্যানচেস্টার-লন্ডন, মিলান, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও ব্যাংককের ফ্লাইট-সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয়সংখ্যক উড়োজাহাজ ভাড়া করতে ব্যর্থ হয়ে বিমান কর্তৃপক্ষ আটটি নিয়মিত গন্তব্য ফ্লাইট কাটছাঁট করেছে। অবশ্য বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা দাবি করেন, লোকসানের কারণে দিল্লি, করাচি ও হংকংয়ের ফ্লাইট বন্ধ করা হচ্ছে। আর বাকি পাঁচটি গন্তব্যের ফ্লাইট-সংখ্যা হজ শেষে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।বিমানের নতুন কেনা দুটি বোয়িং-৭৭৭ দিয়ে ইটালির মিলান ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার-লন্ডনের পাশাপাশি কুয়ালালামপুর ও মধ্যপ্রাচ্যের দু-একটি গন্তব্যের ফ্লাইট পরিচালনা করা হতো। কিন্তু এবার হজ ফ্লাইটের জন্য দুটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত একটি ভাড়া করতে পেরেছে বিমান। অপর দিকে, আগের বছরের তুলনায় হজযাত্রীও বেড়েছে। এবার বিমান সাড়ে ৬৫ হাজার হজযাত্রী পরিবহন করবে। তাই ভাড়া করা একটি বোয়িং-৭৪৭-এর পাশাপাশি নিজস্ব দুটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজও হজ ফ্লাইটে ব্যবহার করা হবে। এ ছাড়া, ২২টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী নেওয়া হবে। এ কারণে তিনটি গন্তব্যে বন্ধ এবং পাঁচটির ফ্লাইট-সংখ্যা ব্যাপক কমানোর পরও অন্যান্য নিয়মিত গন্তব্যের ফ্লাইট-সূচি ঠিক রাখতে হিমশিম খেতে হবে।জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মো. মোশাররফ হোসেন বলেন, হজযাত্রীদের সুষ্ঠুভাবে আনা-নেওয়াকে বিমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, হজ ফ্লাইট ঠিক রাখতে অন্য যেসব ফ্লাইটের ওপর চাপ পড়বে, তা সামাল দিতে আরেকটি বোয়িং-৭৪৭ ভাড়ার জন্য প্রক্রিয়া চলছে।সংকটের আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে খান মোশাররফ হোসেন বলেন, প্রতিবছরই হজের আগে হজ ফ্লাইট নিয়ে সংকটের আশঙ্কা করে হজ এজেন্সিগুলো। কিন্তু কোনো বছরই ওই আশঙ্কা টেকেনি। এবারও হজযাত্রী পরিবহনে বিমানের সমস্যা হবে না বলে তিনি দাবি করেন।