বিমানের দুই পাইলট চাকরিচ্যুত, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুজন পাইলটকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পাইলটদের মধ্যে আবার ক্ষোভ ও অস্থিরতার সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, এ ক্ষেত্রে চাকরিবিধি ও চুক্তিপত্রের শর্ত লঙ্ঘন করা হয়েছে।বিমান কর্তৃপক্ষ জানায়, কম কার্যক্ষমতার কারণে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন ফজলে করিম সারোয়ার ও ক্যাপ্টেন আবদুল্লাহ-আল ফারুককে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার তাঁদের চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়।বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো ধরনের নিয়ম-রীতি না মেনে দুজন পাইলটকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষকে গতকাল বুধবার বাপার পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।বাপার সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল প্রথম আলোকে বলেন, লো-প্রোডাক্টিভিটির (কম কর্মক্ষমতা) কথা বলে দুজন পাইলটকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তাঁদের ব্যাপরে কোনো তদন্ত বা আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমাদের দাবি, তাঁদের যদি ত্রুটি থেকে থাকে, তদন্ত করে নিয়ম-রীতি মেনে ব্যবস্থা নেওয়া হোক।’বিমানের একটি সূত্র জানায়, বিমানের ফ্লাইট পরিচালনা শাখা থেকে এই দুজন পাইলটের কার্যক্ষমতা কম বলে উল্লেখ করে পরিচালনা পর্ষদে চাকরিচ্যুতির প্রস্তাব পাঠানো হয়। তবে ক্যাপ্টেন সারোয়ারের ক্ষেত্রে এ অভিযোগ সঠিক নয়। তাঁর ফ্লাইট পরিচালনা ও উড্ডয়ন ঘণ্টার পরিমাণ সব সময় ভালো ছিল। সর্বশেষ অসুস্থতার কারণে তিনি বিদেশে একটি প্রশিক্ষণে (সিমুলেটর) যোগ দিতে পারেননি। এ কারণে বিমানকে ২৭ লাখ টাকা গচ্চা দিতে হয়েছে।ফ্লাইট পরিচালনা শাখার পরিচালক ক্যাপ্টেন ইশরাত হোসেন বিদেশে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।জানতে চাইলে বিমানের মুখপাত্র ও মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এই দুজন পাইলটের ব্যাপারটি খতিয়ে দেখতে পরিচালনা পর্ষদ ইতিপূর্বে একটি কমিটি করে দেয়। সেই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত বৃহস্পতিবার পর্ষদের বৈঠকে তাঁদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়।