বিমানের দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে বিমানের নতুন লোগো উন্মোচন ও বিমানের বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। খবর ইউএনবি ও বাসসের।বিমান কর্তৃপক্ষকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কঠোরভাবে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি দমন করতে হবে।’ দ্রুত ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফাইট পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের চাহিদা বিবেচনা করে বিদেশে বিমানের সব বন্ধ রুট আবার চালু করতেও তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ই-টিকিটিং চালু করার জন্য বিমান কর্তৃপক্ষের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ উদ্যোগ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সহায়ক হবে।’ যাত্রীদের আকর্ষণ করতে ফ্লাইটে সেবার মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এয়ার কমোডর জাকিউল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার ১৯ দিন পর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনস তার যাত্রা শুরু করে।