বিমানের দুর্নীতির সন্ধান পেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এয়ার আটলান্টা থেকে উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ বিমানের কাছে জবাব চেয়েছে সংসদীয় কমিটি। এ ছাড়া নিরীক্ষা আপত্তি সত্ত্বেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে বিমানের টিকিট বিক্রির জন্য ওমানে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করার কারণও জানতে চেয়েছে কমিটি।গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। আগামী ১৪ মার্চ কমিটির পরবর্তী বৈঠকে বিমান কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। গত বছরের ৮ সেপ্টেম্বর সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে ওমানে জিএসএ নিয়োগ এবং এয়ার আটলান্টা থেকে উড়োজাহাজ ভাড়া করা সংক্রান্ত অনিয়ম তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির প্রতিবেদন নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে সংসদীয় উপকমিটি অনিয়মের সন্ধান পেয়েছে। এ ছাড়া নিরীক্ষা আপত্তি, ওমানে কর্মরত প্রবাসী ও এজেন্টদের লিখিত অভিযোগ, বাংলাদেশ দূতাবাসের আপত্তি এবং সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করে বিমান কর্তৃপক্ষ ওমানে ৩২ বছরের পুরোনো জিএসএকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে। উপকমিটি এতে অনিয়মের প্রমাণ পেয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকে বিমানমন্ত্রী ফারুক খান বলেছেন, কমিটির আগামী বৈঠকে বিমান কর্তৃপক্ষ জবাব দিলে এবং তাতে সংসদীয় কমিটি সন্তুষ্ট না হলে বিষয়টি দুদকে তদন্তের জন্য পাঠানো হবে।