বিমানের নতুন লোগো ‘পালকি’ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানবহরে নতুন সংযুক্ত বোয়িংয়ের ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের জন্য নির্ধারিত নতুন লোগো ‘পালকি’ উন্মোচন করেছেন। পাঁচ দিনের সফর শেষে জার্মানি থেকে দেশে ফিরে গতকাল বুধবার প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে নতুন এ লোগো উন্মোচন করেন। এর আগে তিনি সকাল নয়টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। খবর বাসস ও ইউএনবির।বিমানবন্দরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।লোগো উন্মোচনের পর প্রধানমন্ত্রী বোয়িং বিমানের চারপাশ ঘুরে দেখেন। এ সময় বোয়িং কর্তৃপক্ষ শেখ হাসিনাকে বোয়িংয়ের একটি রেপ্লিকা ও উড্ডয়নের জন্য সনদ উপহার দেন। বোয়িং ৭৭৭-৩০০ইআর ৭৭৭ পরিবারের সবচেয়ে বেশি বিক্রীত মডেল।বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বোয়িং ২০০৮ সালের ২২ এপ্রিল চারটি ৭৭৭-৩০০ইআর (এক্সটেনডেন্ট রেঞ্জ) ও চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের জন্য চুক্তি স্বাক্ষর করে। এর অংশ হিসেবে বোয়িং কোম্পানি ২১ অক্টোবর প্রথম ৭৭৭-৩০০ইআর বিমান বাংলাদেশের কাছে হস্তান্তর করে।