বিমানের নতুন লোগোসহ ভাড়া করা প্রথম বোয়িং ৭৭৭ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়ায় আনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন লোগোযুক্ত প্রথম বোয়িং ৭৭৭-২০০ ইআর গতকাল শনিবার ঢাকায় এসেছে। আজ একটি বোয়িং-৭৩৭ আসবে বলে বিমান সূত্র জানিয়েছে।পর্তুগালের ইউরো আটলান্টিক এয়ারওয়েজ থেকে ভাড়া করা বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি গতকাল বিকেল পাঁচটা পাঁচ মিনিটে ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই বোয়িং ৭৭৭ দিয়ে ঢাকা-সিঙ্গাপুর-লন্ডন ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন উড়োজাহাজটি গ্রহণের সময় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালনক জাকিউল ইসলাম, পরিচালক প্রশাসন, প্রকৌশল ও ফ্লাইট পরিচালনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউরো আটলান্টিক এয়ারওয়েজের প্রতিনিধি গতকাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ১৩ মাস ধরে ছয় দফা দরপত্র ও পুনঃ দরপত্র আহ্বানের পর গত বছর সেপ্টেম্বরে বিমান কর্তৃপক্ষ ইউরো আটলান্টিক থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর চার বছরের জন্য ভাড়া করার সিদ্ধান্ত নেয়। গত বছর ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে বিমানের চুক্তি হয়। এর একটি গতকাল এসেছে। অপর উড়োজাহাজটি আগামী মার্চের তৃতীয় সপ্তাহে ঢাকায় এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সেটি আসার পর নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু করবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া আজ রোববার বিমানের ভাড়া করা একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী মাসের শুরুতে আরেকটি বোয়িং ৭৩৭ আসার কথা রয়েছে। এ ছাড়া শিগগির একটি এয়ারবাস-৩১০ বিমানবহরে যুক্ত হবে। ভাড়ায় আনা এসব উড়োজাহাজের নতুন রং ও লোগো নিয়ে উড্ডয়ন করবে বলে জানা গেছে।