বিমানের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সংসদীয় কমিটির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছে বেসামিরক বিমান পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।এ ছাড়া সংসদীয় কমিটির গতকালের বৈঠকেও বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ হাজির হননি। ওমানে বিমানের জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগে অনিয়মের বিষয়ে জানতে কমিটির গতকালের বৈঠকে হাজির থাকার জন্য বিমানের চেয়ারম্যানের নামে তলবি নোটিশ দেওয়া হয়েছিল।সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘কমিটির বৈঠকে হাজির না হয়ে বিমানের চেয়ারম্যান সংসদ অবমাননা করেছেন। তিনি বরাবরের মতো বিমানের এমডির মাধ্যমে কমিটিকে জানিয়েছেন, তিনি অসুস্থ। বিমান মন্ত্রণালয়ের কাছেও জবাবদিহি করেন না। তাই আমাদের প্রশ্ন, বিমান কার কাছে দায়বদ্ধ।’মোশাররফ হোসেন বলেন, বিমান ক্রমাগত লোকসান দিচ্ছে। বিমানের কর্মীরা বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দবিতে ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন। কর্মচারীদের এ দাবি যৌক্তিক। তিনি বলেন, বিমানকর্মীদের চলমান আন্দোলনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ না করে অন্য পন্থায় এ বিষয়ের সমাধান করতে বলেছে কমিটি। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে এর পরিচালনা পর্ষদ বাতিল করতে হবে বলে মন্তব্য করেন সংসদীয় কমিটির সভাপতি। তিনি বলেন, বিমানের জবাবদিহি নিশ্চিত করতে হলে অতীতে মতো মন্ত্রীকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। পরিচালনা পর্ষদ গঠন করতে হবে পেশাদার লোকদের নিয়ে। বিমানের একটি সূত্র জানায়, ওমানের বিমানের জিএসএ হিসেবে আল বাউয়ান ট্রাভেল নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে সংসদীয় কমিটির সভাপতি মোশরারফ হোসেন ও সদস্য মঈন উদ্দীন খান বাদল অন্যায়ভাবে চাপ সৃষ্টি করেছিলেন। এ ব্যাপারে বিমানের চেয়ারম্যান লিখিতভাবে অভিযোগ করেছেন। চেয়ারম্যানের এ অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঈন উদ্দীন খান সংবাদিকদের বলেন, ‘জামাল উদ্দিন আহমেদ বলছেন, দুই সাংসদ ওমানের আল বাউয়ানের এজেন্ট। অথচ অডিটর জেনারেল অফিসের অডিট আপত্তি সত্ত্বেও কেন আগের প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হলো, তার কোনো উত্তর নেই। মন্ত্রণালয়কে বলেছি এ বিষয়ে তদন্ত করতে। আমরা জড়িত থাকলে সম্মানের সঙ্গে পদত্যাগ করব, নইলে চেয়ারম্যানকে শাস্তি পেতে হবে।’