বিমানের পরিচালনা পর্ষদকে সংসদীয় কমিটিতে তলব
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত লোকসানের কারণ জানতে সংসদীয় কমিটির আগামী বৈঠকে বিমানের পরিচালনা পর্ষদকে তলব করা হয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ-সংক্রান্ত ৫০০ কোটি টাকার কাজ সর্বনিম্ন দরতাদাকে না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরাদাতাকে দেওয়ার সুপারিশ করেছে কমিটি। সংসদীয় কমিটির সভাপতির সঙ্গে কথা বলে ও বৈঠকের কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে। সংসদীয় কমিটির আগের বৈঠকে বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বিমানমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন পর্ষদ গঠন করার প্রস্তাব করা হয়েছিল। সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘প্রতিবছর যদি লোকসানই দেবে এবং সরকারের কাছ থেকে টাকা নেবে, তবে বিমানকে কোম্পানি করে লাভ কী হলো? সে জন্যই কমিটির আগামী বৈঠকে বিমানের পুরো বোর্ডকে তলব করা হয়েছে।’ তিনি বলেন, এর আগে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দীন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক কমিটির একাধিক বৈঠকে অংশ নিলেও তাঁরা কোনো বিষয়ের সদুত্তর দিতে পারেননি। বিমানমন্ত্রীকে প্রধান করে বোর্ড পুনর্গঠনের প্রস্তাব সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘এ ক্ষেত্রে বিমানমন্ত্রীও কমিটির সঙ্গে একমত। কিন্তু তিনি চাইলে তো হবে না। আইনি সমস্যা আছে।’ সংসদ সচিবালয় সূত্র জানায়, ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত বিমান শুধু ১৯৯৫-৯৬, ২০০৩-০৪, ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরে লাভ করতে সক্ষম হয়েছে।দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার সুপারিশ: সংসদীয় কমিটির কার্যবিবরণী থেকে জানা গেছে, কক্সবাজার বিমান-বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের দরপত্রের মূল্যায়নে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় কোয়ান্টাস। মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হলে কমিটি প্রতিষ্ঠানটির দর ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। দরপত্রের শর্তে উল্লেখ ছিল, দরদাতার ১৮ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু কোয়ান্টাস ইরাকে মার্কিন ঘাঁটিতে কাজ করার দাবি করলেও অভিজ্ঞতার সনদ জমা দেয়নি। বিষয়টি আংকারার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যাচাইয়ের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সে জন্য সরকারের ক্রয় কমিটি নতুন করে দরপত্র আহ্বানের কথা বলেছে বলে সংসদীয় কমিটির কার্যবিবরণীতে উল্লেখ করা হয়। কিন্তু গতকাল সংসদীয় কমিটির বৈঠকে নতুন করে দরপত্র আহ্বান না করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়।