বিমানের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘লোকসানে ডুবছে বিমান’ শিরোনামে ২০ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
প্রতিবাদপত্রে বলা হয়, বৈমানিকদের অবসরে যাওয়ার বয়সসীমা এবং এ বিষয়ে ব্যবস্থাপনার কারসাজি-সংক্রান্ত তথ্যাদি ভিত্তিহীন। বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) বৈমানিকদের অবসরে যাওয়ার বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছরে উন্নীত করার অনুরোধ করে। তাতে সম্মত হয়ে বিমান কর্তৃপক্ষ প্রশাসনিক আদেশ (২০১০ সালে) জারি করে। এই প্রশাসনিক আদেশকে চ্যালেঞ্জ করে বাপা হাইকোর্টে রিট করে। হাইকোর্ট রিট পিটিশনের বিষয়টি সালিশ কাউন্সিল বা আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। এরপর সালিশ ট্রাইব্যুনাল ওই প্রশাসনিক আদেশকে অবৈধ বলে রায় দেন।
এ রায়ের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষ জেলা জজ আদালতে আপিল করে। তাতে আরও কয়েকজন পক্ষ হওয়ার আরজি জানিয়ে আবেদন করলে জজ আদালত তা মঞ্জুর করেন। এর বিরোধিতা করে বাপা হাইকোর্টে ‘সিভিল রিভিশন’ মামলা করে। হাইকোর্ট ‘সিভিল রিভিশন’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিমানের করা আপিলের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন, যা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় বিমানের আইনজীবীর মতে, বিষয়টি ‘আদালতের এখতিয়ারাধীন’ এবং বয়স বাড়ানের বিষয়টি হাইকোর্টের নির্দেশনামতেই নিষ্পত্তি করা হবে।
প্রথম আলোর জবাব: বাপার আবেদনের পরিপ্রেক্ষিতেই যদি চাকরির বয়স বৃদ্ধি করে প্রশাসনিক আদেশ জারি করে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে তারা কেন আদালতে গেল এবং আন্দোলনে গেল? প্রকৃতপক্ষে, বাংলাদেশ সরকার অবসরে যাওয়ার বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করে। আর শ্রম আইন অনুযায়ী, বৈমানিকদের বয়সসীমা করা হয় ৬০ বছর। কিন্তু বিমান কর্তৃপক্ষ সরকারি আইন বাস্তবায়ন না করে ২০১০ সালের ৯ সেপ্টেম্বর একটি প্রশাসনিক আদেশ জারি করে। মূলত তা ছিল চুক্তিভিত্তিক নিয়োগ এবং পৃথক বেতনকাঠামোর একটি বৈমানিক শ্রেণী তৈরির চেষ্টার অংশ।
তখন হাইকোর্টের নির্দেশনামতো বিষয়টি সালিশি ট্রাইব্যুনালে যায় এবং সেখানে বিমানের ওই আদেশ অবৈধ প্রমাণিত হয়।
এখন হাইকোর্টের নিষ্পত্তির অপেক্ষায় থাকা রিভিশনটি হলো, অবৈধ ঘোষিত ওই আদেশে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়ে আবার অবসরপ্রাপ্ত কয়েকজন নিম্ন আদালতে আপিলে পক্ষ হতে পারবে কি না, সে বিষয়ে। হাইকোর্ট সরকারি আইন প্রতিপালনে কোনো নিষেধাজ্ঞা দেননি। কিন্তু বিমান কর্তৃপক্ষ আদালতের অজুহাত দেখিয়ে দেশের নাগরিকদের বঞ্চিত করে দ্বিগুণ বেতনে আরও বেশি বয়সের বিদেশি বৈমানিক আনছে।
বিমান: ক্যাডেট পাইলটদের বসিয়ে রাখা হয়েছে মর্মে যে তথ্য পরিবেশিত হয়েছে, তা বিভ্রান্তিকর। বহর থেকে এফ-২৮ জাহাজ বিদায় নেওয়ার কারণে ক্যাডেট পাইলটদের বোয়িং ৭৩৭ জাহাজে পাঠানোর প্রয়োজন হয়। যেসব ক্যাডেট পাইলটের এই যোগ্যতা, বিশেষ করে উড্ডয়ন অভিজ্ঞতা নেই, তাঁদের এ মুহূর্তে নিয়োগ দেওয়া সম্ভব নয় বলেই তাঁরা তথাকথিত ‘বসে’ আছেন।
প্রথম আলো: বিমানের এ বক্তব্যও সত্য নয়। ক্যাডেটদের বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পর্যবেক্ষণ ফ্লাইট শুরু করে, তা আবার অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয়। এরপর দুই বছর ধরে তাঁরা বসে বসে বেতন নিচ্ছেন। অথচ এ ধরনের নবিশ বৈমানিকদের (উড্ডয়ন অভিজ্ঞতা কম) প্রশিক্ষণের জন্য বোয়িং কোম্পানির বর্ধিত সিলেবাস রয়েছে। তা অনুসরণ করলে এত দিনে এঁরা কো-পাইলটের যোগ্যতা অর্জন করতেন। তাতে বড় জোর বিদেশ থেকে আনা একজন বৈমানিকের দুই মাসের বেতনের সমপরিমাণ খরচ হতো।
বিমান: ‘চেয়ারম্যান শাসিত বিমান’ উপশিরোনামে প্রতিবেদনে বর্ণিত ইঙ্গিত আপত্তিকর। পরিচালনা পর্ষদের সদস্যরা মেধা ও প্রজ্ঞায় সর্বজন শ্রদ্ধেয়। বিমান পরিচালনা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের সভায় সম্মিলিতভাবে গ্রহণ করা হয়।
বলা হয়েছে, ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত বিমান চার বছর লাভের মুখ দেখেছে। প্রকৃতপক্ষে গত ১৮ বছরে বিমান মোট ছয়বার লাভ করেছে। বছরগুলো হচ্ছে ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০, ২০০৩-০৪, ২০০৭-০৮ এবং ২০০৮-০৯। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে বিমান লোকসান দিয়েছে ১২১ দশমিক ৯২ কোটি টাকা।
প্রথম আলো: অনেক সংকট সত্ত্বেও গত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বিমান লাভ করে। এরপর বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর উত্তরোত্তর লোকসান দিয়ে যাচ্ছে। পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের সর্বময় ক্ষমতা, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে গত পাঁচ বছরে দফায় দফায় আন্দোলন করেছেন বিমানের কর্মীরা।
প্রতিবাদপত্রে লাভ-লোকসানের যে হিসাব উল্লেখ করা হয়েছে, তা-ও এ পরিচালনা পর্ষদের ‘মেধা ও প্রজ্ঞা’ নয়, ব্যর্থতারই প্রকৃষ্ট নজির মাত্র।
আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২২২ কোটি নয়, ১২২ কোটি টাকা লোকসানের যে কথা বলা হচ্ছে, তা-ও কতটা সঠিক, তা প্রশ্নসাপেক্ষ। এসব বিষয়ে জানতে চেয়ে বিমানের কাছে লিখিতভাবে চিঠি পাঠিয়ে কোনো জবাব মেলেনি। তবে সংশ্লিষ্ট শাখার উচ্চপর্যায়ের সূত্র থেকে পাওয়া তথ্য প্রথম আলো প্রকাশ করে।
বিমান: প্রতিবেদনে গত আট মাসে পরিবাহিত যাত্রীসংখ্যা বিভ্রান্তিকর। বস্তুত পূর্ববর্তী বছরের তুলনায় এ সময় বিমানের যাত্রী পরিবহন কমেছে ৬ শতাংশ। জুলাই ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত পরিবাহিত যাত্রীসংখ্যা ছিল ১১ লাখ ৯০ হাজার ২৯৮ জন। আর জুলাই ২০১৩ থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত পরিবাহিত যাত্রীসংখ্যা ছিল নয় লাখ ৫৯ হাজার ৭০৫ জন।
প্রথম আলো: প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিমানের ১৯ শতাংশ যাত্রী কমেছে। আর বিমানের দেওয়া হিসাবেও দেখা যাচ্ছে, যাত্রী কমেছে ১৯ দশমিক ৩৭ শতাংশ। ৬ শতাংশ কোথায় পেল বোধগম্য নয়।
এ ছাড়া বিমানের এভাবে লোকসানের জন্য কে বা কারা দায়ী, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেনি। প্রকাশিত প্রতিবেদনে বিমানের দায়িত্বশীলদের পরিকল্পনাহীনতা ও অদক্ষতার সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত দেওয়া হয়, সেসব বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।