বিমানের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘তিন মাস ধরে সিঙ্গাপুরে পড়ে আছে বিমানের এয়ারবাস’ শিরোনামে প্রথম আলোতে ১৫ মার্চ প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।প্রতিবাদে বলা হয়, বিমানের সঙ্গে চুক্তির শর্তানুযায়ী, এয়ারবাসটির (রেজি. এস-২ এডিকে) রক্ষণাবেক্ষণের জন্য (চেক সি-১৬) প্যাকেজের আওতাভুক্ত সব কাজ সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানির করার কথা। অতিরিক্ত কাজের জন্য বিমান বাড়তি অর্থ দেবে। কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্যাকেজের আওতাধীন নির্ধারিত কাজের জন্যও ‘অস্বাভাবিক ত্রুটি’ দাবি করে বিমানকে চাপের মধ্যে রাখে।সমস্যা নিরসনে বিমানের পরিচালনা পর্ষদের দুজন সদস্যসহ পরিচালক (প্রকৌশল) সিঙ্গাপুরে গিয়ে গত ৩১ জানুয়ারি একটি সমঝোতা স্মারক সই করেন। তাতে শর্ত ছিল, ১০ কার্যদিবসের মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনস অতিরিক্ত কাজের প্রস্তাব পাঠাবে। কিন্তু তারা প্রস্তাব পাঠায় ২১ ফেব্রুয়ারি। বিমান কর্তৃপক্ষ প্রস্তাবটি মূল্যায়ন করে সিঙ্গাপুরকে অবহিত করে। একই সঙ্গে তাঁদেরকে ঢাকায় এসে বৈঠক করার প্রস্তাব দেয়। কিন্তু অদ্যাবধি সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানি কোনো প্রতিনিধি না পাঠিয়ে অহেতুক কালক্ষেপণ করে চলেছে।বিদ্যমান পরিস্থিতিতে এয়ারবাসটি সিঙ্গাপুরে আটকা পড়ে আছে এবং পরিস্থিতি উন্নয়নের জন্য জোর তৎপরতা চলছে। ত্রুটিপূর্ণ নোজ কাউল (যা গতি নিয়ন্ত্রণ করে, ইঞ্জিনের সামনে থাকে) দিয়ে আরেকটি এয়ারবাস পাঠানো সম্পর্কে বলা হয়, সিঙ্গাপুরে সেটির ত্রুটি ধরা পড়ে, যা ‘লাইন মেইনটেন্যান্স’ পর্যায়ে ধরা পড়েনি। নোজ কাউলটি মেরামত-অযোগ্য হওয়ায় পরিবর্তন করতে হয়েছিল। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।প্রতিবেদকের বক্তব্য: সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিখিতভাবে বিমানের পরিচালককে (প্রকৌশল) যেসব ত্রুটির কথা জানিয়েছিল, প্রথম আলোর খবরে তা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিমানের শীর্ষ কর্মকর্তার বক্তব্যও ছাপা হয়।বাস্তবতা হচ্ছে, এয়ারবাসটি মেরামত শেষে ৩৮ দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা ছিল। গতকাল ১০৭ দিন পার হয়েছে। প্রতিবাদে বলা হলো, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অর্থাৎ কবে নাগাদ মেরামতকাজ শুরু হবে এবং কবে তা ফিরবে, তা এখনো অনিশ্চিত। ওই এয়ারবাসটি বসে থাকায় বিমান প্রতিদিন প্রায় ৫০ হাজার মার্কিন ডলার বা ৪১ লাখ টাকা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছে।আর নোজ কাউলের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সে বিষয়ে শুধু এটুকু বলা যায়, বদল করে ফেলতে হলো এমন যন্ত্রাংশটির ত্রুটি কেন লাইন মেইনটেন্যান্স পর্যায়ে ধরা পড়ল না? এমন যন্ত্রাংশ দিয়ে যাত্রীসহ উড়োজাহাজ পাঠানো সঠিক ছিল কি না, তা তদন্তের দাবি রাখে।