বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট পাঁচ ঘণ্টা পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি হাজিদের প্রথম দলটি গতকাল দুপুরে দেশে ফিরেছে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে। ছবিটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের সামনে থেকে তোলা l প্রথম আলো
বাংলাদেশি হাজিদের প্রথম দলটি গতকাল দুপুরে দেশে ফিরেছে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে। ছবিটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের সামনে থেকে তোলা l প্রথম আলো

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট পাঁচ ঘণ্টা পিছিয়েছে। এটি শনিবার দিবাগত রাত দেড়টা নাগাদ ঢাকায় পৌঁছাতে পারে। আর সৌদি এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট দুই ঘণ্টা বিলম্বে গতকাল বেলা একটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে প্রায় ৪০০ হাজি দেশে ফিরেছেন।
পূর্বঘোষিত ফ্লাইটসূচি অনুযায়ী, গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু এর দুই ঘণ্টা আগে বিমান কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮টা ৪০ মিনিটের পরিবর্তে রাত দেড়টা নাগাদ ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ফ্লাইটের যাত্রীদের জেদ্দা বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশি হাজিদের নিয়ে সৌদি এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর যাত্রা শুরু করে। ফলে ঢাকায় পৌঁছাতেও বিলম্ব হয়। গতকাল বাংলাদেশ সময় বেলা একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটটি অবতরণ করে।
এবার বাংলাদেশ থেকে লক্ষাধিক নারী-পুরুষ হজ করেছেন। এঁদের মধ্যে ৪৯ হাজার ৫৪৫ জনকে বাংলাদেশ বিমান ও বাকিদের সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে। এসব হাজিকে দেশে আনবে এই দুই বিমান সংস্থা। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।