বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট আজ সোমবার থেকে শুরু হচ্ছে। প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় আসতে কয়েক ঘণ্টা বিলম্ব হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশারফ হোসেন আজ প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সকাল সাড়ে নয়টা নাগাদ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ৬০১২) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইটটি ঢাকায় আসেনি।
এ প্রসঙ্গে খান মোশারফ হোসেন বলেন, সৌদি আরবের জেদ্দায় অনেক চাপ। এ কারণে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিলম্বিত হচ্ছে। আজ রাত সাড়ে আটটা নাগাদ প্রথম হজ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, আজ থেকে শুরু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
আজ বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের নিয়মিত ও হজ ফ্লাইট মিলিয়ে ১১টি ফ্লাইটে হাজিদের ঢাকায় আসার কথা।
এর আগে গতকাল রোববার বিকেলে ৩০৫ জন হাজিকে নিয়ে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৪) ঢাকায় আসে।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ ৫৪ হাজার ৮৪৫ জন এবং সৌদিয়া এয়ারলাইনস ৫২ হাজার ৪৪৫ জন হজযাত্রী পরিবহন করে।
আরও পড়ুন:
৩০৫ জন হাজি দেশে ফিরেছেন