বিমানের ফিরতি ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বাংলাদেশি হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইটটি গতকাল শনিবার বিকেল সোয়া পাঁচটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে ৪১৬ জন হাজি আসেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ‘প্রতিবছর বিমানের সময়সূচি ঠিক থাকে না বলে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে এবারকার ফিরতি প্রথম ফ্লাইটটি ঠিক সময়ে এসেছে। হাজিরাও সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি, পরবর্তী ফ্লাইটগুলো সময়মতো আসবে।’
কোনো কোনো হজ এজেন্সির প্রতারণার কারণে কিছু ব্যক্তি হজে যেতে পারেননি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ‘কিছু হজ এজেন্সির প্রতারণায় অনেকে হজে যেতে পারেননি। তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। দুই দিন পর তদন্ত প্রতিবেদন আমার হাতে আসবে। এটি পাওয়ার সাত দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাজিদের সঙ্গে প্রতারণাকারী এজেন্সিকে ছাড় দেওয়া হবে না।’
গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান হজযাত্রী পরিবহন শুরু করে। ৮ অক্টোবর পর্যন্ত প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা করে।
এ বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজারের বেশি বাংলাদেশি হজ পালন করেছেন।