বিমানের ফ্লাইট চলাচলে বিলম্বের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিলম্বের হার আরও কমেছে। গত মে মাসে সময়মতো চলাচল করছে প্রায় ৬০ শতাংশ ফ্লাইট। এর আগের মাসে তা ছিল ৫২ শতাংশ।

২০১২ সালের একই মাসের ফ্লাইট-সূচির সঙ্গে গত মাসের ফ্লাইট-সূচির তুলনা করে বিমান কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। তাতে বলা হয়, গত মাসে বিমানের ফ্লাইট চলাচলে সময়ানুবর্তিতার হার ছিল ৫৯ দশমিক ৭ শতাংশ, যা ২০১২ সালের মে মাসে ছিল ৪৪ শতাংশ। এর আগে এপ্রিলে সময়মতো চলাচল করছে ৫২ শতাংশ ফ্লাইট, যা ২০১২ সালের এপ্রিলে ছিল ৩৬ শতাংশ।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন জন স্টিল বলেন, সময়মতো ফ্লাইট চলাচলের হার ৮০ শতাংশে উন্নীত করা তাঁর পরবর্তী লক্ষ্য। সে লক্ষ্যে পৌঁছাতে আরও কিছু দিন সময় লাগবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, মে মাস বিমানের ব্যবসার মন্দা সময় (অফপিক) থাকে। গত বছরের মে মাসে বিমানের আসন অনুপাতে গড় যাত্রী ছিল ৬১ শতাংশ; গত মে মাসে তা ৬৫ শতাংশে উন্নীত হয়েছে।

চালু হবে বরিশাল ফ্লাইট: বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী নভেম্বর থেকে বরিশালসহ সব কটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করবে।

এর আগে ২৭ মে এক সংবাদ সম্মেলনে বিমানের এমডি বলেছিলেন, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, যশোরসহ দেশের অভ্যন্তরীণ সব গন্তব্যে বিমানের ফ্লাইট নভেম্বরের মধ্যে চালু করা হবে। ওই সংবাদ সম্মেলনে বরিশালের ফ্লাইট শুরুর কথা ভুলে বলা হয়নি বলে বৃহস্পতিবার বিমানের পক্ষ থেকে লিখিতভাবে গণমাধ্যমকে জানানো হয়।

এদিকে গত মঙ্গলবার বিমানের সঙ্গে হ্যান এয়ারের বিশ্বব্যাপী ইন্টারলাইন চুক্তি চূড়ান্ত হয়েছে। বিমানের এমডি কেভিন স্টিল বলেন, প্রথমবারের মতো বিমান হ্যান এয়ারের ই-টিকিট প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী ১৫০টি এয়ারলাইনসের সঙ্গে যুক্ত থাকতে পারবে। পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকে অনলাইনে বিমানের টিকিট কেনা যাবে।