বিমানের ফ্লাইট-সূচি ভেঙে পড়ার দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈমানিকদের কর্মসূচির কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট-সূচি ভেঙে পড়ার দশা হয়েছে।গত শুক্রবার রাত ১০টায় ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট (বিজি-০৮৬) বৈমানিকের সংকটের কারণে যেতে পারেনি। গতকাল শনিবার দুই দফা ফ্লাইট-সূচি পরিবর্তন করেও শেষ পর্যন্ত যাত্রা করতে পারেনি। আজ রোববার রাত ১০টায় ফ্লাইট-সূচি পুননির্ধারণ করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিমানের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইটও (বিজি-০৪৭) বৈমানিকের সংকটের কারণে যেতে পারেনি। পরে গতকাল বেলা ১১টায় ওই ফ্লাইটের যাত্রীদের এয়ারবাসের বদলে ডিসি-১০ উড়োজাহাজে করে পাঠানো হয়।বৈমানিকদের কর্মসূচি অব্যাহত থাকলে এভাবে ফ্লাইট-সূচি বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আজ রোববার বিমানের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে কর্মসূচি শুরু হয়। কর্মসূচি হচ্ছে, বৈমানিকেরা চুক্তি অনুযায়ী মাসে ৭০ ঘণ্টা দায়িত্ব পালন এবং মাসে প্রাপ্য আট দিন ছুটি কাটাবেন। এর অতিরিক্ত তাঁরা বিমান চালাবেন না।বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব বলেন, তাঁদের দাবির ব্যাপারে বিমান কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় তাঁদের অতিরিক্ত কোনো দায়িত্ব পালন না করার কর্মসূচি চলছে। তবে হজফ্লাইট ও ভিভিআইপি ফ্লাইট এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।বিমান সূত্র জানায়, বিমানে বর্তমানে বৈমানিকের সংকট রয়েছে। ১৬৬ জনের স্থলে বর্তমানে ১২৪ জন রয়েছেন। তাঁদের মধ্যে সাতজন চুক্তিভিত্তিক কাজ করছেন। ফলে মাসে ৭০ ঘণ্টার অতিরিক্ত সময় ও সাপ্তাহিক ছুটির দিনেও ফ্লাইট চালাতে হয়।