বিমানের ফ্লাইটসূচি আবার এলোমেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটটি উড়োজাহাজের মধ্যে তিনটিই বিকল থাকায় আবার ফ্লাইটসূচি এলোমেলো হয়ে পড়েছে। গতকাল সোমবার বিমানের দুটি ফ্লাইট বাতিল ও চারটি ফ্লাইট বিলম্বে ছাড়তে হয়েছে। 
এ ছাড়া কয়েকটি ফ্লাইটের যাত্রী একটিতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগামী কয়েক দিন বিমানের ফ্লাইটসূচির এ অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ।
জানতে চাইলে বিমানের ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও) ক্যাপ্টেন ইশরাত আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল একটি ডিসি-১০ ও একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যা হয়। এ ছাড়া একটি ডিসি-১০ আরও কয় দিন আগে বিকল হয়। এ কারণে ফ্লাইটসূচিতে কিছু সমস্যা হয়েছে। তিনি জানান, এসব উড়োজাহাজ সচল করে ফ্লাইটসূচি স্বাভাবিক করতে কয়েক দিন লাগবে।
কয়েক দিন আগে ইঞ্জিনে পাখি ঢুকে একটি বোয়িং ৭৭৭-৩০০ বিকল হয়েছিল। সেটি গতকাল সচল হয় বলে জানান ক্যাপ্টেন ইশরাত।
ফ্লাইট না থাকায় আবারও ইয়াঙ্গুন, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দোহা, মালয়েশিয়া, লন্ডনসহ অধিকাংশ বৈদেশিক স্টেশনে বিমানের শত শত যাত্রী আটকা পড়েন। একই অবস্থা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। আটকে পড়া যাত্রীদের বিমানের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।
বিমান সূত্র জানায়, মিসরের ইজিপ্ট এয়ারলাইনস থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ পাঁচ বছরের জন্য ভাড়ায় আনার সিদ্ধান্ত হয়েছে। গত রোববারের বিমান পরিচালনা পর্ষদ সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতি মাসে পাঁচ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার (চার কোটি ৫৮ লাখ টাকা) ভাড়ায় এ দুটি উড়োজাহাজ আনা হচ্ছে। ইতিমধ্যে এ জন্য প্রায় ৫০ কোটি টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ওই দুটি উড়োজাহাজের একটি জানুয়ারির মাঝামাঝি, আরকটি ফেব্রুয়ারি নাগাদ বহরে যুক্ত হতে পারে।