বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটসূচি বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিডিউল বিপর্যয়ের ঘটনা তদন্ত করতে কমিটি বিমান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোরশেদ আলম চৌধুরীকে দায়িত্ব দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের পর সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল বলেন, ফ্লাইটসূচিতে বিপর্যয় ঘটায় বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।মঈন উদ্দীন খান বাদল বলেন, বিমানের উন্নতির জন্য কমিটি দফায় দফায় যেসব সুপারিশ করেছিল, তা মন্ত্রণালয় বাস্তবায়ন করেনি। সে জন্যই বিমানের কোনো উন্নতি নেই। বিমানের বোর্ডকে ‘অথর্ব, অদক্ষ ও অপরিণামদর্শী’ আখ্যায়িত করে বাদল বলেন, বিমানের অদক্ষ বোর্ড ভেঙে দেওয়ার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। কিন্তু আগের বিমানমন্ত্রী (গোলাম মোহাম্মদ কাদের) এবং তাঁর নেতৃত্বের মন্ত্রণালয় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বাদল জানান, যথেষ্ট সময় থাকা সত্ত্ব্বেও কেন ৭৪৭-৪০০ উড়োজাহাজ ভাড়া নেওয়া হলো না, স্বল্প দূরত্বে চালানোর জন্য ৭৭৭ বিমান কেন ভাড়া নেওয়া হলো এবং এর জন্য যে আর্থিক ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে—বৈঠকে কমিটির পক্ষ থেকে এসব প্রশ্ন তোলা হয়েছে।কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ২০১০-১১ অর্থবছরে বিমান ২০৮ কোটি টাকা লোকসান করেছে। বিমানকে পেশাদারভাবে না পরিচালনা করলে এই লোকসান চলতে থাকবে।মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী ফারুক খান, মঈন উদ্দীন খান বাদল, ফরিদুল হক খান ও শফিকুর রহমান চৌধুরী অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদ। বিমানের চেয়ারম্যান জামাল উদ্দীন আহমেদকে চিঠি দেওয়া হলেও তিনি উপস্থিত ছিলেন না।