বিমানের বন্ধ অভ্যন্তরীণ রুট শিগগিরই চালু হবে: মন্ত্রী
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বন্ধ অভ্যন্তরীণ রুটগুলো শিগগিরই চালু করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।
মন্ত্রী বলেন, শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বন্ধ থাকা রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হচ্ছে। এ জন্য চলতি জুলাই-আগস্ট মাসের মধ্যে অভ্যন্তরীণ রুটের উপযোগী উড়োজাহাজ ভাড়া নেওয়ার চেষ্টা চলছে। উড়োজাহাজ পেলেই বিমানের অভ্যন্তরীণ রুট চালু হবে।
রাশেদ খান মেনন বলেন, অভ্যন্তরীণ রুটে পর্যটক ও যাত্রীদের সুবিধার্থে ১৬ জুলাই থেকে আরও একটি বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ফ্লাইট শুরু করবে। যাত্রী পরিষেবার মান বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে উপস্থিত পর্যটনশিল্পসমৃদ্ধ জেলার জেলা প্রশাসকেরা নিজ নিজ জেলার পর্যটনশিল্পের অবস্থা তুলে ধরেন। পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়নে তাঁরা বিভিন্ন সুপারিশ দেন। এসব সুপারিশের ভিত্তিতে সভায় পর্যটন সেবার মান বৃদ্ধি ও পর্যটন সচেতনতা সৃষ্টিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ ও নির্দেশ দেওয়া হয়।
মেনন বলেন, পর্যটনশিল্পের উন্নয়ন ও বিকাশে জেলা প্রশাসকেরা মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করবেন। তাই পর্যটনশিল্পসমৃদ্ধ জেলাগুলোতে পর্যটন সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
সম্মেলনের শেষ দিনের এ অধিবেশনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত ছিলেন।