বিমানের বহরে 'মেঘদূত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের পঞ্চম উড়োজাহাজ। বিমান কর্তৃপক্ষ মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি এই উড়োজাহাজটির (বোয়িং ৭৩৭-৮০০) নাম দিয়েছে ‘মেঘদূত’। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বুধবার স্থানীয় সময় রাত ১০টায় রওনা দিয়েছে। আগামীকাল দুপুর একটায় ঢাকা এসে পৌঁছাবে।
আজ বৃহস্পতিবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মাজহারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘদূতসহ বিমানের বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল পাঁচটি। আগামী মাসের শেষদিকে বোয়িং থেকে কেনা আরেকটি উড়োজাহাজও বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে ‘ময়ূরপঙ্খী’। বাংলাদেশ বিমানের উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া রুটসহ আরও নতুন রুট চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১১ সালে ‘পালকি ও অরুণ আলো’ নামে বিমানের প্রথম ও দ্বিতীয় বোয়িং (৭৭৭-৩০০ ইআর) বিমান বহরে যুক্ত হয়। ২০১৪ সালে আকাশপ্রদীপ এবং রাঙা প্রভাত নামে বিমানের তৃতীয় ও চতুর্থ (বোয়িং ৭৭৭-৩০০ ইআর) বিমানবহরে যুক্ত হয়। নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় চারটি সুপরিসর (বোয়িং ৭৭৭-৩০০ ইআর) দুটি (বোয়িং ৭৩৭-৮০০) এবং চারটি (বোয়িং ৭৮৭) ড্রিমলাইনার পর্যায়ক্রমে বিমানবহরে যুক্ত হবে।