বিমানের বিতর্কিত উড়োজাহাজটির পক্ষে নেমেছে সংসদীয় কমিটি
বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটের জন্য গত বছর নাইজেরিয়া থেকে ভাড়া করা বিতর্কিত উড়োজাহাজটির পক্ষে নেমেছে এবার সংসদীয় স্থায়ী কমিটি।উড়োজাহাজটি কেন উড্ডয়ন করছে না, তা তদন্ত করার জন্য সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি গতকাল রোববার তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে। ঘণ্টায় পাঁচ হাজার ৪০০ মার্কিন ডলারে (প্রায় পৌনে চার লাখ টাকা) ভাড়া করা ত্রুটিপূর্ণ ও অধিক পুরোনো বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি হজ ফ্লাইট শেষ হওয়ার পর আরও সাত মাস বেশি চালানোসহ বিভিন্ন কারণে বিতর্কিত। এমনকি যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০ এপ্রিল রিয়াদে উড়োজাহাজটি আটকে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১৬ জুন বিমান মন্ত্রণালয়ের নির্দেশে উড়োজাহাজটির উড্ডয়ন বন্ধ করা হয়। এ কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গত ২৩ জুন কমিটির সভায় এ জন্য মন্ত্রণালয়কে ভর্ৎসনা করা হয়। অভিযোগ রয়েছে, নাইজেরিয়ার কাবো এয়ার থেকে ভাড়া করা উড়োজাহাজটির ঢাকার স্থানীয় এজেন্টের প্রভাবের কারণেই প্রয়োজন না থাকা সত্ত্বেও গত বছর হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজটি ভাড়া করা হয়। হজ ফ্লাইট শেষ হওয়ার পর বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে এটি দিয়ে নিয়মিত ফ্লাইটও পরিচালনা করা হয়। অথচ ভাড়া করার আগে কাবো এয়ারকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব উঠেছিল বিমানের পরিচালনা পষর্দে। এ নিয়ে গত এক বছরে বিভিন্ন গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশিত হয়।সর্বশেষ গতকাল সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকেও এ উড়োজাহাজটি নিয়ে আলোচনা হয়। সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সংবাদ ব্রিফিংয়ে বলেন, উড়োজাহাজটি কেন উড্ডয়ন করেনি, তা তদন্তের জন্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথকে আহ্বায়ক এবং বজলুল হক হারুন ও আমিনা আহমেদকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, বিমান বর্তমানে লাভজনক প্রতিষ্ঠান। গোলাম মোস্তফা জানান, বর্তমানে বিমানের ১৫টি উড়োজাহাজ রয়েছে। ২০১৫ সালে বিমানের নিজস্ব উড়োজাহাজের সংখ্যা হবে ১৯টি এবং ২০২৮ সালে ৩৬টি। কমিটির গতকালের বৈঠকে গোলাম মোস্তফা ছাড়াও সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, মইন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন, আমিনা আহমেদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সফিক আলম মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান সূত্রে জানা গেছে, ২০০৮ সালে হজ ফ্লাইটে বাড়তি টাকা পরিশোধ করায় কাবো এয়ারের কাছে বিমানের বড় অঙ্কের টাকা পাওনা ছিল। এ কারণে কাবোর এ উড়োজাহাজটি প্রায় এক বছর ঢাকা আটকে রাখা হয়। বিমান সূত্র মতে, ২০০৯ সালে সব ঠিকঠাকের পর কাবো কর্তৃপক্ষ উড়োজাহাজ দিতে পারবে না বলে জানায়। ওই অবস্থায় বেকায়দায় পড়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ থাইল্যান্ড থেকে দুটি উড়োজাহাজ অস্বাভাবিক বেশি দামে ভাড়া করে। তখন কাবো এয়ারকে কালো তালিকাভুক্ত করার জন্য বিমান পরিচালনা পর্ষদে প্রস্তাব ওঠে। কিন্তু তা না করে শেষ মুহূর্তে উল্টো তাদের কাছ থেকেই ২৫ বছরের অধিক পুরোনো ও ত্রুটিপূর্ণ উড়োজাহাজটি ভাড়া করা হয়। অথচ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী ২০ বছরের অধিক পুরোনো উড়োজাহাজ ভাড়া করার সুযোগ নেই।