বিমানের বিশেষজ্ঞ কারা সংসদীয় কমিটির প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশেষজ্ঞ হিসেবে কারা কাজ করছেন, তা জানতে চেয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিমানের সব গন্তব্যে নিয়মিতভাবে লোকসান হওয়ায় কমিটি এ তথ্য জানতে চেয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে একই সঙ্গে লোকসান প্রতিরোধে বিমান কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও এক মাসের মধ্যে জানাতে বলা হয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ কমিটিকে জানিয়েছেন, গত অর্থবছরে বিমান ৬৩২ কোটি টাকা লোকসান করেছে। ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-হংকং ছাড়া সব গন্তব্যে বিমান লোকসানে রয়েছে। এ জন্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন তিনি।কমিটিকে দেওয়া বিমানের প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ অর্থবছরে জ্বালানি বাবদ খরচ হয় দুই হাজার ১০০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৫২০ কোটি টাকা বেশি।বৈঠকে বিমানমন্ত্রী ফারুক খান বলেছেন, বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা বা লোকসান কমানোর ব্যাপারে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিমান সম্পর্কে বিভিন্ন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হলেও তারা প্রতিবাদ করছে না। এর অর্থ অভিযোগ সত্য। বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, অন্যান্য বিমান সংস্থা লাভ করলেও বাংলাদেশ বিমান পারছে না। এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। সংসদীয় কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল বলেন, বিমানের গন্তব্যগুলোর বিষয়ে পরিকল্পনা কে করছে, কোন বিশেষজ্ঞের মতামত নিয়ে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ আনা হয়েছে—সংসদীয় কমিটি এসব বিষয়ে জানতে চেয়েছে।