বিমানের বিষয়ে প্রয়োজনে খড়্গহস্ত হব: মেনন
রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দৈনিক বণিক বার্তা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি ভালো কথা বলেছেন। আমি তাঁর সঙ্গে একমত হয়েছি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে এবার দরকার হলে বিমানের বিষয়ে কিছুটা খড়্গহস্ত হতে। প্রয়োজনে যদি কর্তৃত্বপরায়ণ হতে হয়, তাহলে তা-ই হতে হবে। এ ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদন পেয়ে আমরা রীতিমতো আঁতকে উঠেছি। যে ব্যক্তি বিমান পরীক্ষা-নিরীক্ষার সর্বশেষ দায়িত্বে ছিলেন, তাঁর লাইসেন্স ছিল না।’
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী পরে হাঙ্গেরি পৌঁছান।
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে এভিয়েশন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভো এয়ার।