‘আর্থিক সংকটে বিমান’ শিরোনামে প্রথম আলোতে গত ১০ অক্টোবর প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনের স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, প্রতিবেদনের ১৭ অনুচ্ছেদে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর। ‘ইউরো আটলান্টিক এয়ারলাইন থেকে ভাড়া করা উড়োজাহাজ ফেরত যাওয়ার কয়েক মাস পর তাদের কাছে ২২ লাখ ডলার টাকা পাওনার কথা টের পায় বিমান’—এ কথা ঠিক নয়। উভয় পক্ষের যৌথ পরিদর্শনের পর উড়োজাহাজটি নির্দিষ্ট মেয়াদান্তে ফিরে যায়। ভাড়ার চুক্তির শর্ত অনুযায়ী, ভাড়ার মেয়াদ শেষে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে অগ্রিম দেওয়া জামানতের অর্থ সমন্বয় করার কথা। সেভাবেই জামানতের অর্থ ফিরে পেতে যথানিয়ম অনুসরণ করে বিমান কর্তৃপক্ষ ইউরো আটলান্টিককে অনুরোধ করেছে। তারা কিছুটা সময় ক্ষেপণ করে উড়োজাহাজের তথাকথিত ‘ক্ষয়ক্ষতি’ নিরূপণের জন্য। বর্তমানে বিষয়টি চূড়ান্ত ফয়সালার দিকে এগিয়ে যাচ্ছে।প্রতিবেদকের বক্তব্য: বিমানের ব্যাখ্যায় প্রকারান্তরে প্রথম আলোর খবরের সত্যতা স্বীকার করা হলো। গত ৪ ফেব্রুয়ারি উড়োজাহাজ চলে গেছে। সাত মাস পর বলা হচ্ছে, টাকা ফেরত পাওয়ার ‘ফয়সালা এগিয়ে যাচ্ছে’। সাধারণ নিয়ম হলো, ভাড়ার মেয়াদ শেষের এক মাস আগেই জামানতের টাকা সমন্বয় করার বিষয়ে আলোচনা করা এবং শেষ মাসের ভাড়া থেকে তা কেটে রাখা। সব লেনদেন শেষ করে তবেই দেশ থেকে উড়োজাহাজ নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ যদি আগে থেকে পাওনার কথা জেনেই উড়োজাহাজটি চলে যাওয়ার ছাড়পত্র দিয়ে থাকে, সেটা কে বা কারা করেছে, সেটাও তদন্তের দাবি রাখে।