বিমানের ব্যাখ্যা প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাড়ায় উড়োজাহাজ আনতে বড় অনিয়ম’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা পাঠিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এতে প্রতিবেদনটি অসত্য বলে দাবি করে বলা হয়, ‘এহেন সংবাদ প্রকাশকালে বিমানের মুখপাত্র হিসেবে ব্যবস্থাপনা পরিচালক অথবা মহাব্যবস্থাপকের (জনসংযোগ) সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।’
ব্যাখ্যায় বলা হয়, মিসরের স্মার্ট এভিয়েশন থেকে দুটি ড্যাস ৮ উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে দরপত্রের শর্ত লঙ্ঘন করা হয়নি। আলোচ্য দুটি উড়োজাহাজের হেভি চেক (বড় রক্ষণাবেক্ষণ) প্রাথমিকভাবে ২০১৬ সালে নির্ধারিত হলেও স্মার্ট এভিয়েশন সরবরাহের আগেই তা নিজ খরচে সম্পন্ন করার জন্য এগিয়ে আসে। ফলে ২০১৬ সালে আর উক্ত রক্ষণাবেক্ষণ দরকার হবে না। বিদ্যমান নীতিমালা অনুযায়ী মূল্যায়ন করে স্মার্ট এভিয়েশনের প্রস্তাব বিমান পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়।
উড়োজাহাজ ভাড়ার দর নির্ভর করে প্রধানত এর নির্মাণকাল ও কারিগরি অবস্থার ওপর। স্মার্ট এভিয়েশন থেকে ভাড়া করা উড়োজাহাজ দুটি ২০১১ সালে নির্মিত। এর পেছনে পাঁচ বছরের মোট ব্যয়ে এমন চারটি উড়োজাহাজ কেনা সম্ভব, এটা ঠিক না। এতে হয়তো অতি পুরোনো ও তুলনামূলক খারাপ অবস্থার উড়োজাহাজ কেনা যেতে পারে।
প্রতিবেদকের বক্তব্য: বিমানের ব্যাখ্যার শুরুতেই সঠিক তথ্য দেওয়া হয়নি। প্রতিবেদন প্রকাশের আগেই এ বিষয়ে বিমানের জনসংযোগ শাখার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে প্রশ্ন পাঠানো হয়েছিল। এক সপ্তাহ পার করে তিনি লিখিত জবাব দেন, যা যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দরপত্রের মৌলিক শর্ত লঙ্ঘন করা সত্ত্বেও স্মার্ট এভিয়েশন থেকে উড়োজাহাজ ভাড়া করার বিষয়ে তথ্যসূত্র উল্লেখ করে বিস্তারিত বিবরণ ছাপা হয়েছে। এ ক্ষেত্রে অনিয়মের পক্ষে যে যুক্তি দিচ্ছে, এর আগে বেশি দামে দুটি বোয়িং উড়োজাহাজ আনার ক্ষেত্রে ঠিক উল্টো যুক্তি দিয়েছিল বিমান। এ বিষয়ে বিমান কোনো ব্যাখ্যা দেয়নি। আর নীতিমালার মধ্যে থেকেই দুটির ভাড়ার টাকায় যদি কয়েক বছরের পুরোনো চারটি উড়োজাহাজ কেনা যায়, সেটা যে বিমানের জন্য লাভজনক, তা বিমানের ভেতরের লোকেরাও মনে করছেন।