বিমানের ভারপ্রাপ্ত এমডি হচ্ছেন শেখ নাসের
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন শেখ নাসেরউদ্দিন আহমেদ। তিনি সদ্য পদত্যাগী এমডি জাকীউল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।জানতে চাইলে শেখ নাসের গত রাতে প্রথম আলোকে বলেন, তিনি গতকাল রোববার ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পাওয়া-সংক্রান্ত দাপ্তরিক চিঠি পেয়েছেন। আগামী বুধবার দায়িত্বভার গ্রহণ করবেন।বিমানের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকীউল ইসলাম এমডি পদ থেকে অব্যাহতির জন্য সম্প্রতি পদত্যাগপত্র জমা দেন। গত শুক্রবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই বৈঠকে বিমানের পরিচালক (পরিকল্পনা) শেখ নাসেরকে এমডি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।শুক্রবারের পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত তখন গোপন রাখা হয়। ওই রাতে বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্ষদের সভায় বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ শ্রমিক অসন্তোষ ও চলমান সংকটের পর বিমানে কর্মমুখর পরিবেশ ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন।