বিমানের মান বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
যাত্রীদের আস্থা অর্জনের লক্ষ্যে সেবার মান বাড়ানো এবং জাতীয় পতাকাবাহী উড়োজাহাজের ভাবমূর্তি রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে জাতীয় পতাকাবাহী বিমানের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা এবং নতুন কেনা দুটি ‘ড্যাশ-৮ কিউ-৪০০’ উড়োজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। এটা অর্জন করতে হলে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজকে সেবার মান বৃদ্ধি ও ভাবমূর্তি রক্ষার মাধ্যমে যাত্রীদের আরও বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘তাই আমি বিমান কর্তৃপক্ষকে অনুরোধ করব বিশেষ নজর দিতে, যাতে এর সেবা ও পরিচালনার মান আন্তর্জাতিক মানের, সময়োপযোগী এবং আরও আধুনিক হয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানকে যাতে আরও লাভজনক করা যায়, সে লক্ষ্য জাতীয় পতাকাবাহী উড়োজাহাজকে সময়োপযোগী ও সেবাধর্মী করার জন্য কার্গো ব্যবস্থা চালু করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে, আর আমরা কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ জন্য খাদ্যসামগ্রী রপ্তানির জন্য কার্গো ব্যবস্থা প্রয়োজন। কেবল যাত্রী পরিবহন করে কোনো বিমান সংস্থাই লাভজনক হয় না।’
সৈয়দপুর ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড।