রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ১০৫ কেজি সোনা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ বিমানের যান্ত্রিক সহকারী আনিসুদ্দিন ভূঁইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম আশিকুর রহমান রিমান্ড আবেদনের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আনিসুদ্দিন ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।
গতকাল শনিবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৯০৪টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। উড়োজাহাজটির সাতটি টয়লেটের কমোডে এসব সোনার বার পাওয়া যায়। প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা। মোট ওজন নয় হাজার ৪০ তোলা (১০৫ কেজি)। দাম প্রায় ৪৮ কোটি টাকা।
গতকাল বিকেলে বিমানবন্দরের একটি কক্ষে সংবাদ ব্রিফিংয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, সোনার বারগুলো আলাদা আলাদা করে বিভিন্ন কৌশলে সাতটি টয়লেটের কমোডের ভেতরে রাখা হয়েছিল। দক্ষ কারিগর (টেকনিশিয়ান) দিয়ে কমোডের স্ক্রু খুলে এসব বার উদ্ধার করা হয়েছে। একইভাবে দক্ষ কারিগর দিয়েই এগুলো কমোডে লুকানো হয়েছিল। তিনি বলেন, এটা যদি দুবাইয়ে হয়ে থাকে তাহলে বলতে হয়, বিমানের যান্ত্রিক বিভাগে কাজ করেন এবং বিমানে সহজে যাতায়াত করেন এমন ব্যক্তি দিয়েই সোনার বারগুলো কমোডে রাখা হয়েছে। এতে সময়ও লেগেছে বেশ।
বিমানের প্রকৌশলী আনিসুদ্দিন ভূঁইয়াকে আটকের ব্যাপারে গোলাম হোসেন বলেন, তিনি বাংলাদেশ বিমানের যান্ত্রিক সহকারী। তাঁর মুঠোফোনে স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত একটি খুদে বার্তার তথ্য শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের হাতে আসে। গতকাল সকাল নয়টার দিকে দুবাই থেকে বিমান অবতরণ করার পর গোয়েন্দারা তাঁকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর মুঠোফোন যাচাই করে স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত খুদে বার্তা এবং ওই খুদে বার্তার প্রত্যুত্তর দেওয়ার প্রমাণ পান গোয়েন্দারা।
গোলাম হোসেন বলেন, কয়েক ঘণ্টা আনিসুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে তিনি ১০ বার ১০ জায়গায় সোনার বারের অবস্থানের তথ্য দিয়েছেন। কিন্তু তাঁর তথ্য অনুযায়ী, সব জায়গায় তল্লাশি চালিয়ে সোনার বার পাওয়া যায়নি। পরে তাঁকে আশ্বস্ত করা হয় যে সত্য বললে তাঁর কিছু হবে না। এমন আশ্বাস পেয়ে বেলা আড়াইটার দিকে তিনি স্বীকার করেন, বিমানের টয়লেটের ভেতরে সোনার বারগুলো আছে। বিমানের ১৪টি টয়লেটের মধ্যে সাতটিতে পাওয়া যায় সোনার বার।
শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, এটি সোনা চোরাচালান উদ্ধারের তৃতীয় বৃহত্তম ঘটনা। এর আগে গত বছরের ২৪ জুলাই শাহজালাল বিমানবন্দরে ১২৪ কেজি ও চলতি বছরের ২৫ মার্চ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ১০৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। দুটি ফ্লাইটই বাংলাদেশ বিমানের।