বিমানের লাভজনক দুবাই রুট চীনা প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে!
বাংলাদেশ বিমানের আরেকটি লাভজনক রুট বিদেশি বিমান সংস্থাকে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হচ্ছে। বিমানের লাভজনক অন্যতম প্রধান গন্তব্য ঢাকা-দুবাই রুটে চায়না ইস্টার্ন এয়ারলাইনসকে পরিচালনার অনুমতি দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত ৬ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য চুক্তি করতে মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর শাকিব ইকবাল খান মজলিস সস্ত্রীক চীন যাচ্ছেন। তাঁরা আজ মঙ্গলবার চীন যাবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।প্রবাসী শ্রমিকের কারণে সৌদি আরবের পরই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ থেকে যাত্রীর চাপ বেশি। বাংলাদেশ বিমানের ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করে দেশীয় বেসরকারি সংস্থাগুলোকে দুবাইয়ে ফ্লাইট বাড়ানো বা নতুন পরিচালনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কিছুটা রক্ষণশীল নীতি অনুসরণ করছে। এই প্রেক্ষাপটে চায়না ইস্টার্ন এয়ারলাইনসকে ঢাকা হয়ে দুবাইয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চায়না ইস্টার্নের দুবাইয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি নেই। তাই তারা বাংলাদেশের জন্য বরাদ্দ করা স্লট ব্যবহার করে চীনের গুয়াংজু থেকে ঢাকা-দুবাই-গুয়াংজু ফ্লাইট পরিচালনা করতে চায়। এতে মূলত চায়না ইস্টার্নের ব্যবসায়িক বিস্তার হবে। এ ধরনের ক্ষেত্রে প্রচলিত রীতি হচ্ছে, চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে এসে চুক্তি করবে। কিন্তু ঘটছে পুরো উল্টো, বাংলাদেশি কর্মকর্তারা যাচ্ছেন চীনে। অভিযোগ রয়েছে, মূলত চায়না ইস্টার্নের অর্থে এই দুই কর্মকর্তা সপরিবারে চীন সফরে যাচ্ছেন। তবে বিমানসচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, ‘চীনা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আমন্ত্রণে আমরা চীন সফরে যাচ্ছি। সেখানে গিয়ে চীনা বিমান কর্তৃপক্ষের সঙ্গে ফ্লাইট চলাচল নিয়ে আলোচনার পর চুক্তি সই হবে।’ সচিব বলেন, চায়না ইস্টার্ন এয়ারলাইনস নয়, চীনের সরকারই তাঁদের সফরের ব্যয়ভার বহন করছে।বিমান মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বলেন, এ চুক্তি উপলক্ষে সপরিবারে চীন সফরের জন্য বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি এটাকে ঘুষ হিসেবে বিবেচনা করে যেতে রাজি হননি। অবশ্য যোগাযোগ করলে মন্ত্রী এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।দুবাইয়ের লাভজনক রুট হারানোর আশঙ্কা প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিমানের পরিচালনা পর্ষদ সদস্য ও সচিব শফিক আলম মেহেদী বলেন, ‘বিমানের শতভাগ মালিকানা সরকারের। তাই বিমান ও দেশের স্বার্থ একাকার। তাই দেশের স্বার্থ নষ্ট করে এমন কোনো উদ্যোগ আমরা নেব না।’ বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) জাকিউল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, গত সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় তাঁরা ঢাকা-দুবাই রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর পাশাপাশি নতুন কোনো বিদেশি সংস্থাকে এ রুটটি না দেওয়ার আবেদন জানান। ওই সভায় চায়না ইস্টার্নকে দুবাই রুটে বিমান পরিচালনার অনুমোদন দেওয়ার বিষয়ে আলোচনা হয়।