বিমানের লাভের গন্তব্য যাচ্ছে বিদেশি এয়ারলাইনের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের অন্যতম লাভজনক গন্তব্য (দুবাই রুট) চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সাশ্রয়ী এয়ারলাইনস ফ্লাই দুবাইয়ের দখলে। এই নিয়ে বিমানের একাধিক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাবেক চারদলীয় জোট সরকারের এক মন্ত্রীর জামাতার প্রতিষ্ঠান ফ্লাই দুবাইয়ের স্থানীয় প্রতিনিধি (এজেন্ট)। বছর খানেক আগে এই সংস্থাটি ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে। অল্প দিনের মধ্যে এটি এই গন্তব্যে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায়। এখন তারা ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে।বাংলাদেশ বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানের ফ্লাইট পরিচালনার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঢাকা। আর দ্বিতীয় প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাই। এই গন্তব্যে বিমান সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করে। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানের অন্যতম লাভজনক গন্তব্য।ওই কর্মকর্তা বলেন, বর্তমান সরকারের আমলে এই গন্তব্যে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক গেছে। এরা বাংলাদেশ বিমানের নিশ্চিত যাত্রী। এখন এই গন্তব্যে বিদেশি বিমান সংস্থার ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দিতে থাকলে দেশের বিমান সংস্থাগুলো বাণিজ্যিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হবে।এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়, তিনি বিদেশে রয়েছেন।সংশ্লিষ্ট অপর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রভাবশালী একটি মহলের চাপে ফ্লাই দুবাইকে এত বেশিসংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে।