বিমানের লোকসান নিয়ে মন্ত্রীর অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি সাশ্রয়ী আধুনিক উড়োজাহাজ আনা সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোকসান বাড়তে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।
গতকাল রোববার বিমানের পরিচালনা পর্ষদের সভায় অংশ নিয়ে মন্ত্রী লোকসানের কারণ এবং এ থেকে উত্তরণের উপায় সম্পর্কে জানতে চেয়েছেন।
সভায় বিমানের ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিউইয়র্ক ফ্লাইট ও দেশের অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইট কেন চালু হচ্ছে না, তা নিয়েও বিমানমন্ত্রী জানতে চান এবং এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তাগাদা দেন।
সভায় বিমানের পরিচালনা পর্ষদের সভাপতি জামাল উদ্দিন আহমেদসহ পর্ষদের সদস্যরা, বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিভিন্ন বিভাগের পরিচালক ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক সূত্র থেকে জানা যায়, সভায় রাশেদ খান মেনন বলেছেন, সদ্যবিদায় নেওয়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিলের এক বছরের কর্মকালে ফ্লাইটসূচির সময়ানুবর্তিতাসহ বিভিন্ন ব্যবস্থাপনায় যে শৃঙ্খলা দাঁড় করিয়েছেন, তা যেন ঠিক রাখা হয়। কোনো ক্ষেত্রে যদি মান পড়ে যায়, সে জন্য ওই বিভাগের পরিচালককে জবাবদিহি করতে হবে।
মন্ত্রী বৈমানিক সংকট সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করেন বলে জানা গেছে। আর সরকার আইন করা সত্ত্বেও কেন বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানো হয়নি, এ বিষয়ে বিমানমন্ত্রী জানতে চান।
জানা গেছে, বিমানের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্বশীল একজন কর্মকর্তা তদারকি করবেন। ২০০৮ সালে কোম্পানি হওয়ার পর বিমানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদই সর্বেসর্বা। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার পর গঠিত পরিচালনা পর্ষদ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে উপেক্ষা করে আসছে বলে অভিযোগ আছে।
জানতে চাইলে বিমানমন্ত্রী প্রথম আলোকে বলেছেন, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হলেও এর শতভাগ মালিকানা সরকারের। এর ভালো-মন্দ সবকিছুর জন্য সরকারকে জবাবদিহি করতে হয়। তিনি বলেন, বিমানকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে গতকালের সভায় সার্বিক বিষয়ে আলোচনা করেছেন। বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।