বিমানের শ্রমিকের অশ্লীল ফিল্ম পাচারের মামলা রাজনৈতিক বলে প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্টস পণ্যের নাম দিয়ে আমদানি-নিষিদ্ধ অশ্লীল ফিল্ম পাচারের অভিযোগে বিমানের মালামাল ওঠানো-নামানোর এক শ্রমিকের (লোডার) বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করেছে সরকার। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১০ এপ্রিল বিমানের লোডার শাখাওয়াত হোসেনের (পরিচিতি নম্বর-২১০৭) বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি-নিষিদ্ধ ফিল্ম আনা এবং শুল্ক ফাঁকির অভিযোগে মামলা করা হয়। ক্যান্টনমেন্ট থানায় করা এই মামলার বাদী এয়ার ফ্রেইড ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমান। মামলার এজাহারে বলা হয়, শাখাওয়াত ২০০১ সালের ৮ এপ্রিল একটি ট্রলিতে করে তিন কার্টন মালামাল বিমানবন্দরের কার্গো ভবনের ২ নম্বর ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় এয়ার ফ্রেইড ইউনিটের কর্মকর্তা পণ্য খালাসের কাগজপত্র দেখতে চান। লোডার শাখাওয়াত কাস্টমস সেপাই শাহজাহানের হাতে কয়েকটি কাগজ রেখে পালিয়ে যান। পরে শুল্ক ও বিমান কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই পণ্য পরীক্ষা করে ২৯ রিল ফিল্ম পাওয়া যায়, যা আমদানি-নিষিদ্ধ। মিথ্যা তথ্য ও সিল-স্বাক্ষর জাল করে অবৈধভাবে এগুলো আনা হয়। ক্যান্টনমেন্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নূরুল আমিন তদন্ত করে ২০০২ সালের ৯ মে আসামি শাখাওয়াতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এবং শুল্ক আইনে ১৫/১৬ ও ৩২ ধারায় অভিযোগপত্র দেন। মামলাটি বর্তমানে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। আদালত সূত্র জানায়, এই মামলায় ইতিমধ্যে কয়েক জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম জাহিদ হোসেনের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। পরে বলেন, ‘নথি না দেখে কিছু বলতে পারব না।’ আদালত সূত্র জানায়, মামলাটির এখন আদেশের জন্য আছে। রাষ্ট্রপক্ষে করা প্রত্যাহার আবেদনে বলা হয়, গত ৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহার-সংক্রান্ত একটি চিঠি দিয়ে মামলাটি না চালানোর সিদ্ধান্তের কথা জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে জেলা প্রশাসক ও মহানগর সরকারি কৌঁসুলিকে আইনানুগ কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দেন। এরপর ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু ১৩ জুন ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।ঢাকার মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, ‘মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক কি না তা তিনি বলতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রত্যাহারের আবেদন করা হয়েছে।’