বিমানের সাত কর্মী আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাত কর্মকর্তা ও কর্মীকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সাত আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
আদালত পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, সাত দিনের প্রথম দফার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের গতকাল আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা নাকচ করে দেন। এর আগে ২২ ডিসেম্বর এই মামলায় গ্রেপ্তার বিমানের সাত কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর আত্মসমর্পণ করে আসামি অপর দুই বিমানকর্মী। তাঁদেরও সাত দিনের রিমান্ড নেওয়া হয়, তা এখনো শেষ হয়নি।
আসামিরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশলী মো. রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।