বিমানের সাবেক আট কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
ভুয়া বিলের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিমানের সাবেক দুই হিসাব তত্ত্বাবধায়কসহ আটজনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশন এ অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়।
এই আটজন হলেন বিমানের বেতন শাখার সাবেক হিসাব তত্ত্বাবধায়ক (চাকরিচ্যুত) হারুন অর রশীদ, মো. গোলাম মোস্তফা, সাবেক ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জিন্নাহ, আবদুল মালেক, সাবেক সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ, ক্যাশ ও ব্যাংকিং শাখার সাবেক হিসাব তত্ত্বাবধায়ক (চাকরিচ্যুত) এম এ এস টি চৌধুরী, সাবেক হিসাব কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মীর আজিজুর রহমান ও সাবেক সহকারী ব্যবস্থাপক (হিসাব) এম এ রব।
দুদক সূত্র জানায়, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক বেনজীর আহম্মদ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পাঁচটি মামলা করেন। এগুলোর মধ্যে ১৩ ও ১৫ নম্বর মামলার অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই মামলায় আসামিদের বিরুদ্ধে এক কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৮৪৩ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এর আগে ১২ ও ১৪ নম্বর মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে জানান দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের অক্টোবর পর্যন্ত এক হাজার ১৩টি জাল ভাউচারের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট তিন কোটি ২৪ লাখ ৪৫ হাজার ২২০ টাকা আত্মসাতের সত্যতা পায় দুদক। এ কারণে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক নয়জনসহ ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।
এই আট কর্মকর্তা ছাড়া অন্য মামলার আসামিরা হলেন বিমানের সাবেক ব্যবস্থাপক (হিসাব) এম এ আউয়াল ও ব্যবস্থাপক ফরিদউদ্দিন আহমেদ।