বিমানের সিদ্ধান্তহীনতার খেসারত ৮০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গাপুরে পাঠানো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারবাসটি অবশেষে ফিরে এসেছে। কর্তৃপক্ষের সীদ্ধান্তহীনতায় ৩৮ দিনের স্থলে ১০ মাস ধরে উড়োজাহাজটি সিঙ্গাপুরে বসে থাকায় বিমানের ৮০ কোটি টাকা লোকসান হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।এই এয়ারবাস গত বুধবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। এ বিষয়ে বিমানের দাপ্তরিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি-চেক’ (বড় ধরনের রক্ষণাবেক্ষণ) শেষে ২২৩ আসনের এয়ারবাসটি বহরে যোগ দেওয়ায় মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যে বিমানের যাত্রী পরিবহনক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।বিমানের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত বছরের ৯ ডিসেম্বর এয়ারবাসটি সিঙ্গাপুরে পাঠানো হয়। রক্ষণাবেক্ষণ শেষে ৩৮ দিনের মধ্যে এটি ঢাকায় ফেরার কথা। এর আগেই সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিখিতভাবে বিমানকে জানায়, চুক্তি মোতাবেক এই উড়োজাহাজের নির্ধারিত কাজের (সি-চেক) বাইরে আরও অনেক মারাত্মক ত্রুটি পাওয়া গেছে, যা অস্বাভাবিক। বিমানের প্রকৌশল শাখায় ন্যূনতম মান রক্ষা করলেও এ রকমটা হওয়ার কথা নয়। এয়ারবাসটি মেরামতের জন্য সিঙ্গাপুর এয়ার কিছু শর্তসহ প্রস্তাব পাঠায়। তাতে সাড়া না দিয়ে বিমানের পরিচালক (প্রকৌশল) সব কাজ করে দিতে চাপ দেন। এ নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হলে সিঙ্গাপুর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে রাখে। এরপর দুই পক্ষের দফায় দফায় চিঠি চালাচালি হয়।পরে গত এপ্রিল মাসে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তৎকালীন সচিব আতাহারুল ইসলামের উদ্যোগে দুই পক্ষের সমঝোতা হয়। তখন সিদ্ধান্ত হয়, চুক্তির বাইরে যেসব যন্ত্রাংশ মেরামত করা হবে, তার অনেকগুলো বাংলাদেশ বিমান দেবে। এই সিদ্ধান্ত বাস্তাবয়ন করতে বিমানের লেগেছে আরও চার মাস। গত সেপ্টেম্বরে বিমান কর্তৃপক্ষ ওই সব যন্ত্রাংশ সিঙ্গাপুরে পাঠায় এবং কাজ শেষে গত বুধবার এয়ারবাসটি ফিরে আসে।বিমানের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শুরুতে বিমানের প্রকৌশল শাখা সঠিক সিদ্ধান্ত নিলে এত বড় ক্ষতি হতো না। মেরামতের জন্য সিঙ্গাপুর এয়ারকে বিমান মোট বিল দিয়েছে ৩০ লাখ ডলার বা ২৪ কোটি টাকা। আর সিদ্ধান্তহীনতার কারণে নির্দিষ্ট ৩৮ দিনের চেয়ে প্রায় নয় মাস বেশি সময় এয়ারবাসটি বসে থাকায় বিমানের ক্ষতি হয়েছে ৮০ কোটি টাকার বেশি। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্লাইট পরিচালন ব্যয় বাদ দিয়ে দৈনিক ৫০ হাজার মার্কিন ডলার আয় ধরে এই হিসাব করেছেন।এ নিয়ে প্রথম আলোয় গত মার্চ মাস থেকে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন বিমান কর্তৃপক্ষ এ জন্য সিঙ্গাপুর এয়ারলাইনসকে দোষারোপ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুর এয়ারের সব শর্তই বিমান মেনে নিয়েছে। এখন আর এ বিষয়ে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।