বিমানের হজ ফ্লাইট আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট। সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন।

এদিকে হজযাত্রীদের বিমানের টিকিটে আবগারি শুল্ক এবং সৌদি আরবে বিমানবন্দরে বর্ধিত টার্মিনাল ভাড়া বাবদ মাথাপিছু বাড়তি ৩ হাজার টাকা কে পরিশোধ করবে, তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হয়েছে। হজযাত্রীদের কোনো বাড়তি টাকা পরিশোধ করতে হবে না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, জাতীয় বাজেটে বিমানের টিকিটের ওপর যে আবগারি শুল্ক আরোপ করা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মওকুফ করেছেন। আর সৌদি আরবে বিমানবন্দরের বর্ধিত টার্মিনাল ভাড়া বিমান বাংলাদেশ পরিশোধ করবে। ফলে হজযাত্রীদের কোনো বাড়তি টাকা দিতে হবে না।

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে।