বিমানের হজ ফ্লাইট শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট আজ রোববার শুরু হয়েছে। সকালে চার শতাধিক হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।
আজ বেলা ২টা ৩৫ মিনিটে ও রাত ৮টা ৩৫ মিনিটে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হজ ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ ছাড়া রাত ১২টার নিয়মিত ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে।
বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও চলতি বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৬০০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে।
এবার ইকোনমি ক্লাসে হজযাত্রীদের বিমান ভাড়া ১ হাজার ৫১৫ ডলার ও বিজনেস ক্লাসে ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর।
ইকোনমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী বিনা মূল্যে সর্বাধিক দুটি করে ৩২ ও বিজনেস ক্লাসে সর্বাধিক দুটি করে ৪২ কেজি ওজনের ব্যাগ এবং কেবিন ব্যাগে সাত কেজি মালপত্র নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর জন্য ৫ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে এবং তা ঢাকা ফেরার পর হাজিদের দেওয়া হবে।
সিলেটে ৩১ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিনের ফ্লাইটটি ৪১৭ জন হাজি নিয়ে সরাসরি জেদ্দা যাবে। এ ছাড়া ৮ ও ১৩ সেপ্টেম্বর সিলেট থেকে সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে। আরও কিছু ফ্লাইট সিলেট থেকে ঢাকা হয়ে জেদ্দা যাবে। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আজাহারুল কবির চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার সিলেট থেকে দুই হাজার ৮০০ জন হজযাত্রী হজে যাবে।