বিমানের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
তিন কোটি ২৪ লাখ ৪৫ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে নয়জন অবসরে এবং একজন এখনো কর্মরত আছেন।গতকাল রোববার দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ বিমানবন্দর থানায় মামলা পাঁচটি দায়ের করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন আবু সালেহ চৌধুরী জানিয়েছেন।আসামিরা হলেন ক্যাশ অ্যান্ড ব্যাংকিং শাখার ব্যবস্থাপক ফরিদউদ্দিন আহমেদ, সাবেক হিসাব (বেতন) কর্মকর্তা হারুন অর রশীদ, হিসাব (ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) বিভাগের সাবেক কর্মকর্তা এম এ এস টি চৌধুরী, সাবেক ব্যবস্থাপক (বেতন) মোহাম্মদ জিন্নাহ, হিসাব বিভাগের সাবেক কর্মকর্তা মীর আজিজুর রহমান, সাবেক সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস, ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) এম এ রব, সাবেক ব্যবস্থাপক (অ্যাকাউন্টস) এম এ আউয়াল, সাবেক সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস, ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) নূর মোহাম্মদ, সাবেক হিসাব কর্মকর্তা গোলাম মোস্তফা এবং সাবেক ব্যবস্থাপক (ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) আবদুল মালেক। বিমানবন্দর থানা সূত্র জানায়, বিভিন্ন কর্মকর্তার যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতার জাল রসিদ তৈরি করে হিসাব বিভাগ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।