সবচেয়ে বড় দুটি সোনার চালান আটকের ঘটনায় বিমানবন্দর থানায় করা দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭ কর্মকর্তা-কর্মচারীসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২ মার্চ দুই মামলার পৃথক অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের অপরাধ ও তদন্ত প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রভুক্ত অধিকাংশ আসামিই উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
এর মধ্যে একটি মামলা হয়েছে ২০১৩ সালে। ওই বছরের ২৪ জুলাই বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের কার্গো হোল্ডের ভেতর থেকে ১২৪ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া সোনা চোরাচালানের সবচেয়ে বড় ঘটনা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন ডিবির সহকারী কমিশনার গোলাম সাকলায়েন।
আসামিদের সাতজন হলেন বাংলাদেশ বিমানের কর্মী। তাঁরা হলেন ইঞ্জিনিয়ারিং কর্মকর্তা সালেহউদ্দিন, নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান, সুপারভাইজার আবু জাফর, মেকানিক মাসুদুর রহমান, আনিস উদ্দিন ভূঁইয়া, মজিবর রহমান ও শাহজাহান সিরাজ। বাকি আসামিরা হলেন নেপালের নাগরিক গৌরাঙ্গ রোসান, তাঁর সহযোগী বাংলাদেশের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মিলন শিকদার ও আবদুল বারেক তরফদার; ব্যবসায়ী সালেহ আহম্মদ খান, মানিক মিয়া, সুব্রত কুমার দাস (লিটন), এস এম নুরুল ইসলাম, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী সালেহ আহম্মেদ, মো. রায়হান আলী, সিরাজুল ইসলাম ও জসিমউদ্দিন। এঁদের মধ্যে মিলন শিকদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপর মামলাটি হয়েছে ২০১৪ সালে। ওই বছরের ২৬ এপ্রিল দুবাই থেকে আসা বিমানের উড়োজাহাজের সাতটি টয়লেট থেকে ১০৬ কেজি সোনার চালান উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। এটি শাহজালাল বিমানবন্দরে আটক সোনার চালানের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এই ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে এম মাহবুবুর রহমান। এতে বিমানের ১০ কর্মীসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন বিমানের সিনিয়র ইন্সপেকশন অফিসার শাহজাহান সিরাজ, জুনিয়র ইন্সপেকশন অফিসার এস এম আবদুল হালিম, এয়ারক্রাফট মেকানিক মিলন খন্দকার, মেকানিক অ্যাসিস্ট্যান্ট আনিসউদ্দিন ভূঁইয়া, এসি মেকানিক নিয়াজ মাহমুদ, শেখ হারুন আর রশিদ, মতিন মিয়া, সহকারী মেকানিক ইমরান, জুনিয়র টেকনিশিয়ান সিরাজুল ইসলাম ও এস এম হালিম।