বিমানের ১৭ সিবিএ নেতার দুর্নীতির অভিযোগ নতুন করে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন করে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আট মাসের মধ্যে এই অনুসন্ধান শেষ করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।

আট বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে এই রায় দেওয়া হয়। ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য ২০১২ সালে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তাঁরা হাজির হতে অস্বীকার করেন। এরপর দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি বলে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) পক্ষে রিট করা হয়। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। পরে সম্পূরক রুলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ। দুদকের পক্ষে আইনজীবী ফৌজিয়া আক্তার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন মানিক শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের পরিপত্রের বিধান অনুসরণ না করায় হাইকোর্ট প্রথম দফায় ১৭ জনের বিষয়ে করা অনুসন্ধান বাতিল করেছেন। কেননা অনুসন্ধানের সময় ১৭ জনের দেওয়া সম্পদের হিসাব বিবেচনায় নেওয়া হয়। অথচ তাঁদের অন্য কোনো সম্পদ আছে কি না—সে বিষয়ে সাবরেজিস্ট্রি অফিস এবং ব্যাংক–বিমা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হয়নি। হাইকোর্ট দুদকের ওই অনুসন্ধান ক্রটিপূর্ণ উল্লেখ করেছেন। পরিপত্রের বিধান অনুসারে নতুন করে ১৭ জনের বিষয়ে অনুসন্ধান করতে নির্দেশ দেয়া হয়েছে। ফলে দুর্নীতির অভিযোগ বিষয়ে ১৭ সিবিএ নেতাকে দুদকের অনুসন্ধানের মুখোমুখি হতে হচ্ছে।

আইনজীবীর তথ্যমতে, অভিযুক্ত সিবিএ নেতারা হলেন মো. মসিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান, মো. রুবেল চৌধুরী, মো. রফিকুল আলম, মো. আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারী, মো. ফিরোজুল ইসলাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার, মো. আবদুল আজিজ প্রমুখ।