বিমানের ৮টি বিশেষ ফ্লাইটে অনিশ্চয়তা কেটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অতিরিক্ত আটটি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় সব হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানো নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটেছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বলছে, ভিসা পাওয়া সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে পারবেন। তবে গতকাল রোববারও এজেন্সিকে টাকা দিয়ে প্রতারিত হওয়া কিছু হজযাত্রীকে আশকোনায় হজ ক্যাম্পে দেখা গেছে।

বিমানের শেষ হজ ফ্লাইট ছিল গত শনিবার। কিন্তু ওই দিনও কয়েক হাজার হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা ছিল। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ বিমানকে গতকাল ও আজ সোমবার আরও ১২টি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। এর মধ্যে গতকাল চারটি ফ্লাইট পরিচালনা করেছে বিমান। আজ আরও তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এরপর আর ফ্লাইট পরিচালনার প্রয়োজন হবে না বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ।

হজ কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালনের জন্য ভিসা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ২১ হাজার ৬৩০ জন হজযাত্রী। এরপর রাত ১২টা পর্যন্ত বিমান ও সৌদি এয়ারলাইনসের আরও ১১টি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে।

গতকালও হজ ক্যাম্পে প্রতারিত হওয়া বেশ কয়েকজন হজযাত্রীকে পাওয়া যায়। তাঁদের সবাই হজ এজেন্সিকে টাকা দিয়েছেন, কিন্তু টিকিট পাননি। সকালের দিকে এমন ভুক্তভোগী হজযাত্রীর সংখ্যা বেশি ছিল। দুপুরের দিকে তাঁদের অনেকের টিকিটের ব্যবস্থা করা হয়।

রাজশাহী থেকে আসা আটজন হজযাত্রী সাত দিন ধরে হজ ক্যাম্পে আছেন। তাঁরা গত বছর হজে যাওয়ার জন্য গোল্ডেন ট্রাভেলস অ্যান্ড কার্গো সার্ভিসকে জনপ্রতি আড়াই লাখ টাকা দেন। গত বছর তাঁরা কেউ হজে যেতে পারেননি। এ বছর ওই এজেন্সি জনপ্রতি আরও ৩০ হাজার টাকা নিয়েছে, কিন্তু এখনো বিমানের টিকিট দেয়নি।

এ বিষয়ে গোল্ডেন ট্রাভেলসের মালিক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এবার মন্ত্রণালয় আমাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে।’ তিনি দাবি করেন, রাজশাহী থেকে কেউ সরাসরি তাঁদের টাকা দেননি। ওই যাত্রীরা দালালকে টাকা দিয়েছেন।

ওই যাত্রীদের কাছে গোল্ডেন ট্রাভেলসের রিসদ আছে—এ কথা বলার পর আবদুল কাদের দাবি করেন, ওই রসিদ তাঁরা বানিয়ে নিয়েছেন।

হজ কার্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, প্রতারিত হওয়ার অভিযোগ নিয়ে আসা অধিকাংশ যাত্রীর সমস্যার সমাধান করা হয়েছে।

গতকাল হজ ক্যাম্পের মিলনায়তনে সাংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাবের মহাসচিব শাহাদাত হোসাইন বলেন, যাঁদের ভিসা করা আছে, তাঁদের সবার টিকিটের ব্যবস্থা করা হবে।

এ বছর বাংলাদেশ থেকে প্রাক্‌-হজ ফ্লাইট শুরু হয় গত ২৪ জুলাই। যাত্রী-সংকটের কারণে একের পর এক হজ ফ্লাইট বাতিল হয়। বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে হজ পরিচালকের কার্যালয়ে অভিযোগ জমা পড়েছে। হজ পরিচালক গত শনিবার বিমানবন্দর থানায় কোনো এজেন্সির নাম উল্লেখ না করে একটি সাধারণ ডায়েরি করেন।

ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন গতকাল সকালে সাংবাদিকদের বলেন, এবারের হজ ব্যবস্থাপনা সরকারের জন্য ‘তিক্ত অভিজ্ঞতা’। শেষ পর্যন্ত কোনো হজযাত্রী থেকে গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।