বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!

কারখানা পুড়ে যাওয়ার পর বিমার অর্থ তুলে নিতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে শিল্পগোষ্ঠী স্ট্যান্ডার্ড গ্রুপের বিরুদ্ধে। এ জন্য নথিপত্র তৈরিসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে গ্রুপটি।
আগুন লাগার কিছুদিন আগে ভবনের নামে বিমা করা হয়েছে। আবার আগুন লাগার এক মাস আগে অতিরিক্ত যন্ত্রপাতি ও কাঁচামালকেও বিমা দাবির আওতায় আনা হয়েছে। এমনকি বিমার তথ্য-উপাত্ত দিতেও দেরি করা হয়েছে। এতে করে স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মকাণ্ড নিয়ে নানা সন্দেহ দেখা দিয়েছে।
স্ট্যান্ডার্ড গ্রুপের ক্ষতি নিরূপণে ১০টি জরিপকারী প্রতিষ্ঠান কাজ করছে। প্রাথমিক প্রতিবেদনে এরই মধ্যে ১০০ কোটি টাকা দাবি নাকচ হয়ে গেছে। যে ভবনে আগুন লাগেনি, সেই ভবনে থাকা কারখানারও বিমা দাবি করা হয়েছে বলে জরিপ প্রতিবেদনে বলা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীর জারুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট ভবনটি গত ২৮ নভেম্বর মধ্যরাতে আগুনে পুড়ে যায়। কে বা কারা আগুন লাগায়, সে রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।
স্ট্যান্ডার্ড গ্রুপের দাবি, বহিরাগত কয়েক হাজার উচ্ছৃঙ্খল শ্রমিক জোর করে কারখানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং এতে এক হাজার ২০২ কোটি টাকার ক্ষতি হয়। এই ঘটনায় সহানুভূতি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩ ডিসেম্বর পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা পরিদর্শন করেন। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম মোশাররফ হোসেন চোখে রুমাল চেপে ধরে কাঁদছেন আর প্রধানমন্ত্রী সহানুভূতি জানাচ্ছেন—এই ছবি সে সময়ে ব্যাপকভাবে আলোচিত হয়। এর পরে স্বল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংকও। তার পরও ভুয়া বিমা দাবির মাধ্যমে অতিরিক্ত অর্থ তুলে নেওয়ার প্রক্রিয়া করেছে প্রতিষ্ঠানটি।
দেশের একমাত্র রাষ্ট্রীয় পুনঃবিমাকারী সংস্থা সাধারণ বীমা করপোরেশন (সাবীক) ও বেসরকারি স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানি এই আয়োজনের প্রধান দুই সহযোগী। প্রকৃত পলিসির পাশাপাশি স্ট্যান্ডার্ড গ্রুপের জন্য কিছু ভুয়া পলিসিও তৈরি করে দিয়েছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। আর স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের মাধ্যমে স্ট্যান্ডার্ড গ্রুপকে বিমার অর্থ অবৈধভাবে পাইয়ে দেওয়ার কলাকৌশল তৈরি করে দিচ্ছে সাবীক।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স স্ট্যান্ডার্ড গ্রুপেরই মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান। স্ট্যান্ডার্ড গ্রুপ তার সব প্রতিষ্ঠানেরই বিমা করেছে এই স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সে। অথচ ২০১১ সালের ৩০ নভেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এটি বিমা আইনের লঙ্ঘন।
আইডিআরএ, সাধারণ বীমা করপোরেশন (সাবীক), স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, ক্ষতি জরিপকারী প্রতিষ্ঠান এবং সাবীকের পুনঃবিমাকারী ইংল্যান্ডের ব্রোকার প্রতিষ্ঠান টাইজারসের মধ্যে চালাচালি হওয়া চিঠি, বিবরণী ও বিমা পলিসির প্রতিবেদনে এই জালিয়াতির চিত্র পাওয়া যাচ্ছে। গোটা প্রক্রিয়াটির মধ্যে নানা ধরনের অনিয়ম পেয়েছে আইডিআরএ।
আইডিআরএর সদস্য জাবেদ আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘দুই কার্যদিবসের মধ্যে জানানোর নিয়ম থাকলেও আগুন লাগার সাত দিনের মাথায় তথ্য-উপাত্ত জানিয়েছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। এই দেরির কারণ আমরা খতিয়ে দেখছি।’ আইডিআরএর সদ্যবিদায়ী চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘বিমা খাতে তথ্য জানাতে দেরি মানেই জালিয়াতির জন্য ভুয়া কাগজপত্র তৈরির জন্য সময় নেওয়া বলে ধরা হয়।’
পুড়ে যাওয়া ভবনে অ্যামেক্স, ম্যাটেক্সপোর্ট, কাজীপুর ফ্যাশনস, তুলাগাঁও ফ্যাশনস, ইন্টারন্যাশনাল টিএসএল এবং স্ট্যান্ডার্ড গ্রুপ নামের ছয়টি কারখানা ছিল। এ ছাড়া ছিল অ্যামোটেক্সের ওভেন, স্ট্যান্ডার্ড স্টিচেসের গার্মেন্টস এবং ইন্টারন্যাশনাল টিএসএলের ওয়াশিং ইউনিট। সব মিলিয়ে ৩৫৪ কোটি ৭৫ লাখ টাকার নয়টি পলিসি করা ছিল। সব কটিই স্ট্যান্ডার্ড গ্রুপের মালিকের প্রতিষ্ঠান।
এর বাইরে ভবনের নামে ৯০ কোটি ৬০ লাখ টাকার সাতটি অগ্নি বিমা পলিসি দেখিয়েছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। অ্যামেক্সের নামে দুটি এবং ম্যাটেক্সপোর্ট, কাজী ফ্যাশনস, তুলাগাঁও ফ্যাশনস, অ্যামোটেক্স, স্ট্যান্ডার্ড স্টিচেসের নামে দেখানো হয়েছে একটি করে পলিসি। এই ১৬ পলিসির পরিমাণ ৪৪৫ কোটি ৩৫ লাখ টাকা। পরে অবশ্য একটি নৌ বিমা পলিসিসহ ১৭টির ক্ষেত্রে দেখানো হয়েছে ৪৪৫ কোটি ৯৭ লাখ টাকা। এগুলোর বিপরীতে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স এক কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা প্রিমিয়াম পেয়েছে বলে দেখিয়েছে।
বানিয়ে দেখানো বিমা পলিসি!: বিমা করা না থাকলে ব্যাংকঋণ পাওয়া যায় না। নয় ইউনিটের বিপরীতে তাই বিমা করা থাকলেও ভবনের নামে তা ছিল না। ভবনের নামে দেখানো সাত পলিসি নিয়ে আইডিআরএ সূত্র বলছে, আগুন লাগার পরে পেছনের তারিখ (ব্যাকডেট) দিয়ে কাগজপত্র তৈরি করেছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স।
বিমা বিশেষজ্ঞরাও বলছেন, পোশাক কারখানা, ভবন ও বিমা কোম্পানি—একই মালিকানাধীন হলে ভুয়া কাগজপত্র তৈরি সহজ হয়। নভেম্বর মাসে আগুন লেগেছে, আর সাত বিমা পলিসিও দেখানো হয়েছে ওই নভেম্বরেই। আইডিআরএ এরই মধ্যে বিষয়টি নিয়ে সাধারণ বীমা করপোরেশনের সঙ্গে বৈঠক করেছে।
যোগাযোগ করলে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমর কৃষ্ণ সাহা এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান। পাল্টা প্রশ্নে প্রথম আলোকে তিনি বলেন, ‘পলিসিগুলো যে আগুন লাগার পরে করা হয়েছে, তা আপনি জানেন কীভাবে?’
এ বিষয়ে স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘১৩ নভেম্বর সাভারের একটি কারখানায় আগুন লাগার পরে আমরা সিদ্ধান্ত নিই যে, ভবনেরও বিমা করতে হবে।’
কিন্তু দলিল অনুযায়ী, ১৩ নভেম্বরের আগেই ৫ নভেম্বর ম্যাটেক্সপোর্ট, ৬ নভেম্বর অ্যামেক্স এবং ৭ নভেম্বর কাজীপুর ফ্যাশনস, তুলাগাঁও ফ্যাশনস, অ্যামোটেক্স ও স্ট্যান্ডার্ড স্টিচেসের নামে ভবনের বিমা দেখানো হয়েছে। শুধু অ্যামেক্সের রাউন্ড বিল্ডিংয়ের বিমা দেখানো হয়েছে ১৮ নভেম্বর।
ক্ষতি বাড়িয়ে দেখানো: এদিকে, এনডোর্সমেন্টের নামেও ক্ষতি বাড়িয়ে দেখিয়েছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। মূল পলিসির পর কারখানায় আসা অতিরিক্ত যন্ত্রপাতি ও কাঁচামালের ঝুঁকি নিরসনে যে বিমা করতে হয়, সেটিই এনডোর্সমেন্ট।
কারখানার নামে পাঁচটি পলিসির পরিমাণ ২৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। এগুলোর মূল পলিসি ১২৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা থাকলেও এনডোর্সমেন্টের আকার দ্বিগুণের চেয়েও বেশি, অর্থাৎ ১২৮ কোটি ৪১ লাখ টাকা। চারটি এনডোর্সমেন্ট দেখানো হয়েছে আগুন লাগার মাত্র ২৭ দিন আগে, অর্থাৎ ৩১ অক্টোবর। এগুলো নিয়েই বেশি প্রশ্ন আইডিআরএর। দুটি এনডোর্সমেন্টের প্রিমিয়ামের কোনো অর্থপ্রাপ্তির পত্র বা মানি রিসিট নেই।
২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি করা অ্যামেক্সের পলিসি ২২ কোটি ২১ লাখ টাকা থেকে দুই দফা বাড়িয়ে করা হয় ৪০ কোটি টাকা। ৩ এপ্রিল ম্যাটেক্সপোর্টের ছয় কোটি ২০ লাখ টাকার পলিসি মধ্য জুনে বাড়িয়ে করা হয় ২০ কোটি ৯৫ লাখ টাকা। এরও কোনো মানি রিসিট নেই।
২৯ জুন কাজীপুর ফ্যাশনসের পলিসি ৪৯ কোটি টাকা থেকে করা হয় ৬০ কোটি টাকা। ৮ জুলাই স্ট্যান্ডার্ড স্টিচেসের পলিসি ১১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা মাত্র ১০ দিন পর হয়ে যায় ৭৩ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকা। কিন্তু প্রিমিয়ামের মানি রিসিট নেই। একইভাবে ২০ আগস্ট ইন্টারন্যাশনাল টিএসএলের ৩৫ কোটি ৬০ লাখ টাকার পলিসি পরের মাসেই হয়ে যায় ৬০ কোটি টাকা।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি মানি রিসিট খুঁজে পেয়ে তারা সাবীকে পাঠিয়েছে। আইডিআরএর কর্মকর্তারা বলছেন, এখন মানি রিসিট কোত্থেকে এল—স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও সাবীকই তা ভালো বলতে পারবে।
বিমা বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি এ কে এম মোশাররফ হোসেন চেয়ারম্যান আতিকুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জালিয়াতির প্রশ্নই ওঠে না। কাগজপত্রে কিছু ভুল থাকতে পারে, এর বাইরে কিছু নেই।’
সাধারণ বীমা করপোরেশনের এমডি রেজাউল করিম বলেন, ‘কারও সঙ্গে যোগসাজশের প্রশ্নই ওঠে না। আমরা অপেক্ষা করছি জরিপকারীর প্রতিবেদনের জন্য। তা পাওয়া গেলে পলিসিওয়ারি দাবি নিষ্পত্তি করা হবে।’
এদিকে কাগজপত্রের সত্যতা যাচাই করতে টাইজারসের একটি দল গত জানুয়ারিতে ঢাকা ঘুরে গেছে। ই-মেইলে যোগাযোগ করলে টাইজারসের পরিচালক রজার মারস প্রথম আলোকে জানান, গ্রাহকের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে তারা কোনো কথা বলতে চান না।
পুনঃবিমাহীন ৩৪ কোটি ৫০ লাখ: ১৩ আগস্ট ইন্টারন্যাশনাল টিএসএলের পলিসি ৩৫ কোটি ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর দেখানো হয় ৬০ কোটি টাকা। এর মধ্যে ৫০ লাখ টাকা রিটেনশন ও ২৫ কোটি টাকা ট্রিটি (চুক্তি)। বাকি ৩৪ কোটি ৫০ লাখ টাকা ফ্যাকালটেটিভের আওতায় থাকার নিয়ম থাকলেও বাস্তবে নেই।
উল্লেখ্য, রিটেনশন হচ্ছে বিমা দাবির যে ন্যূনতম অংশ বিমা কোম্পানি নিজে বহন করে, ট্রিটি হচ্ছে প্রিমিয়ামের বিনিময়ে পুনঃবিমাকারীর (এ ক্ষেত্রে সাবীক) সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের দায় গ্রহণের চুক্তি। এ দুইয়ের পরও যদি কোনো অর্থের ঝুঁকি নিতে হয়, সে ক্ষেত্রে আলাদা প্রিমিয়াম দিতে হয়, সেটিই হচ্ছে ফ্যাকালটেটিভ। আইনি বাধ্যবাধকতা থাকলেও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ৩৪ কোটি ৫০ লাখ টাকার ঝুঁকির জন্য কিছুই করেনি। এর অর্থ হচ্ছে, ইন্টারন্যাশনাল টিএসএলের এই টাকার পুরো দায় স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের।
সার্বিক বিষয়টি নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে সম্প্রতি কথা বলা হয় দেশের প্রবীণ বিমা বিশেষজ্ঞ আজিজুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘অন্যগুলো জানি না, তবে এটি নিয়ে প্রশ্ন তোলা যায়। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কীভাবে ৩৪ কোটি ৫০ লাখ টাকার দায় নিজের ঘাড়ে নেবে, বোধগম্য নয়। দাবি পূরণ করতে হলে তো কোম্পানিটি দেউলিয়া হয়ে যাবে!’
সামগ্রিক বিষয় নিয়ে বিমা বিশেষজ্ঞ এবং পোশাক খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে সবাই বিস্ময় প্রকাশ করে বলেছেন, স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় আগুন লাগার পর সব মহল থেকে তারা সহানুভূতি ও সহায়তা পেয়েছিল। তার পরেও বিমার নামে অতিরিক্ত অর্থ তুলে নেওয়ার চেষ্টাটি দুঃখজনক। এতে অন্য ব্যবসায়ীরা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবেন।