বিমার নামে তিন হাজার নারীর সঙ্গে প্রতারণা!
সুনামগঞ্জে বিমার নামে দুই উপজেলার তিন হাজার ৩০০ নারীর সঙ্গে একটি বেসরকারি সংস্থার প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গত চার বছর এসব নারীর কাছ থেকে সংস্থাটি মাসিক হারে বিমার টাকা আদায় করে এখন কার্যক্রম বন্ধ করে দিয়েছে।ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) নামের ওই সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে ওই নারীদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে প্রতারণার শিকার নারীদের অভিযোগ, চার বছর ধরে তাঁরা টাকা সঞ্চয় করেছেন। এখন লাভ না দিয়ে উল্টো সঞ্চয় থেকে আরও পাঁচ শতাংশ কেটে রাখা হচ্ছে।ভার্ড সূত্রে জানা গেছে, ২০০৭ সালের নভেম্বর মাস থেকে তারা সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় বিমা কার্যক্রম শুরু করে। এরপর বিভিন্ন গ্রামের দরিদ্র নারীদের সমিতি গঠন করে দেওয়া হয়। সমিতির সদস্যরাই বিভিন্ন মেয়াদে বিমা হিসেবে মাসিক কিস্তিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জমা দেন। এর ফাঁকে ভার্ড তাঁদের ঋণ দেয়। এই ঋণ তারা সুদাসলে আদায়ও করছে।ভার্ডের এই বিমা প্রকল্পের প্রধান রেজাউল হক জানান, প্রকল্পটি মূলত ‘মাইম ইনাফি বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের। ঢাকার গুলশানে মাইমের প্রধান কার্যালয় রয়েছে। ভার্ড সুনামগঞ্জের দুই উপজেলায় এই বিমা কার্যক্রম বাস্তাবায়ন করছে।রেজাউল হক আরও জানান, বর্তমানে সদর উপজেলায় এই বিমার গ্রাহক আছেন প্রায় এক হাজার ৮০০ জন। জামালগঞ্জে আছেন এক হাজার ৫০০ সদস্য। ভার্ড প্রকল্পটি সুনামগঞ্জে তাদের আরও একটি প্রকল্পের সঙ্গে যৌথভাবে পরিচালিত করত। গত মার্চ মাসে অপর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় বিমার কাজও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি দাবি করেন, ইতিমধ্যে দুই উপজেলায় সদস্যদের ১৩ লাখ টাকা তারা ফেরত দিয়েছেন। তবে কত টাকা এই তিন হাজার ৩০০ নারীর বিমা বাবদ তাদের কাছে জমা আছে, সেটি জানাতে পারেননি।সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় শাখা অফিসে গিয়ে দেখা যায়, নারীদের বিমার টাকা ফেরত দেওয়া হচ্ছে। শহরতলির মাইজবাড়ী গ্রামের আকলিমা বেগম জানান, তিনি এ পর্যন্ত মাসে ১০০ টাকা করে তিন হাজার ৭০০ টাকা জমা দিয়েছেন। টাকা ফেরত দেওয়ার কথা বলে কিছুদিন আগে তাঁর কাছ থেকে জমা বইটি রেখে দেওয়া হয়। তবে তাঁর কাছে টাকা জমা দেওয়ার রসিদ রয়েছে।সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের পাপড়ি দাস ও উষারানী দাস বলেন, ‘তিন বছর ধরে টাকা জমাইছি। লাভ তো পাইলামই না, এখন আসল পাইমু কি না, সন্দেহ আছে। শুনতেছি কিছু টাকা তারা কাইট্যা রাখব।’শাখা ব্যবস্থাপক মানিক মিয়া জানান, তাঁর এখানে ঈদের আগ পর্যন্ত প্রায় ২০০ নারীকে সাড়ে চার লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি এক মাস হয় এখানে যোগ দিয়েছেন। তাঁর কাছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই।মুঠোফোনে মানিক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে এসেই চাপের মধ্যে পড়েছি। আগামীকাল (আজ) থেকে আবার টাকা দেওয়া শুরু হবে। আমাকে টাকা দিলে আমি ফেরত দেব, না দিলে দেব না।’নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ অস্বীকার করে রেজাউল হক বলেন, ‘আমরা তো টাকা ফেরত দিচ্ছি। যেহেতু কার্যক্রম বন্ধ হয়ে গেছে, তাই লভ্যাংশ দেওয়া যাচ্ছে না। সংগঠনের নানা ব্যয় বাবদ কিছু টাকা প্রথম দিকে কেটে রাখা হয়েছিল। এখন রাখা হচ্ছে না।’