বিমার নামে দুই কোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোলে জীবনবিমা করার নামে এক ব্যক্তি সাড়ে ১০ হাজার লোকের কাছ থেকে দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ব্যক্তিকে গত বুধবার গ্রেপ্তার করে পরদিন জেলহাজতে পাঠিয়েছে। ওই ব্যক্তির নাম সানোয়ার হোসেন (৪৫)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একজন বিমা সংগঠক এবং ঘরোয়া কোচিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, সানোয়ার হোসেন ২০১১ সালে বনপাড়া বাইপাস মোড়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের একটি কার্যালয় খোলেন। এ সময় তিনি নিজেকে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে পরিচয় দেন এবং বিমার গ্রাহক সংগ্রহ করতে থাকেন। গ্রাহক সংগ্রহের জন্য নতুন এক কৌশলের আশ্রয় নেন তিনি। গ্রাহকসংখ্যা বাড়ানোর জন্য তিনি ঘরোয়া কোচিং সেন্টার খুলে শিক্ষক নিয়োগ দিতে শুরু করেন। এসব শিক্ষকের কাজ তদারক করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাভিত্তিক সুপারভাইজার নিয়োগ দেন সানোয়ার হোসেন। এভাবে নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় তিনি প্রায় ১০ হাজার শিক্ষক ও তিন শতাধিক সুপারভাইজার নিয়োগ দেন। এ ছাড়া বিভিন্ন উপজেলায় কার্যালয় খুলে সেগুলোতে নিয়োগ দেওয়া হয় আরও ২০০ কর্মকর্তা-কর্মচারী।বড়াইগ্রাম থানা সূত্রে আরও জানা গেছে, সব মিলিয়ে সানোয়ার হোসেন সাড়ে ১০ হাজার লোক নিয়োগ দেন। তাঁদের প্রত্যেককে বিমার গ্রাহক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে চাকরির শর্ত হিসেবে তাঁদের প্রত্যেককে গ্রাহক সংগ্রহ করতে বলা হয়। শুরুতে প্রত্যেকের কাছ থেকে বিমা করার কথা বলে চার হাজার ২০০ টাকা করে নেওয়া হয়। এভাবে প্রায় সাড়ে ১০ হাজার কর্মকর্তা ও শিক্ষকদের কাছ থেকে নিয়োগ দেওয়ার সময় তিনি চার কোটি ৪১ লাখ টাকা নেন। কিন্তু তিনি তাঁদের এসব টাকার কোনো রসিদ দেননি। ১৭ মার্চ সকালে হঠাৎ সানোয়ার হোসেন বড়াইগ্রামের লক্ষ্মীকোলের কার্যালয় বন্ধ করে আত্মগোপন করেন। পাঁচ দিন পর বুধবার সকালে তিনি ওই কার্যালয়ে এসে সুপারভাইজারদের নিয়ে সভা করেন। এ সময় কিছু শিক্ষক ও সুপারভাইজার তাঁদের টাকা ফেরত চাইলে সানোয়ার সময় চান। এ কারণে শিক্ষক ও সুপারভাইজাররা তাঁকে মারধর করে ওই কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুই দিন থানা হেফাজতে রাখার পর পুলিশ বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠায়। আদালত থেকে তাঁকে নাটোর কারাগারে পাঠানো হয়। ঘরোয়া কোচিংয়ের সুপারভাইজার নাসিমা বানু অভিযোগ করেন, ‘স্যারেরা যে টাকা নিয়েছেন, তা থেকেই কর্তৃপক্ষ আমাদের বেতন দিয়েছেন। তাই সব টাকা তাঁদের কাছে নেই। তবে কর্তৃপক্ষ আমাদের দেওয়া প্রায় দু্ই কোটি টাকা আত্মসাৎ করেছে।’ থানা হেফাজতে থাকাকালীন সানোয়ার হোসেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নিয়মানুযায়ী সব শিক্ষকের বিমার গ্রাহক সংগ্রহ করার কথা। কিন্তু তাঁরা গ্রাহক বানাতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যাঁরা প্রথম দিকে নিয়োগ পেয়েছেন, তাঁদের দেওয়া টাকা উঠে গেছে, কিন্তু যাঁরা শেষের দিকে যোগ দিয়েছেন, তাঁরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নাটোর জেলা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সানোয়ার হোসেন একজন বিমা সংগঠক। সানোয়ারকে বিমার গ্রাহক সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। তবে সানোয়ার বড়াইগ্রামসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিমার কার্যক্রম চালিয়েছেন। তিনি যে সাড়ে ১০ হাজার গ্রাহক বানিয়েছেন, তাঁদের হিসাব বা প্রিমিয়াম (বিমার কিস্তি) কোনোটি সম্পর্কেই সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কর্তৃপক্ষ কিছুই জানে না। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সানোয়ার হোসেনের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।