
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। বৃষ্টি এলে এর ছাদ চুইয়ে পানি পড়ে। এ কারণে বিদ্যালয় চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এখানে বর্তমানে ৩৩৮ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন।
গত বুধবার বিদ্যালয়ে গিয়ে শিক্ষক এবং পরিচালনা পর্ষদের এক সদস্যের কথা বলে জানা গেছে, ১৯৯৪ সালে বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট একতলা মূল ভবনটি নির্মাণ করা হয়। এ ছাড়া বিদ্যালয় চত্বরের একটি বন্যা আশ্রয়কেন্দ্রের দুটি কক্ষেও ক্লাস চলে। মূল ভবনের তিনটি কক্ষে পাঠদান ও একটি কক্ষ শিক্ষকদের বসার স্থান (কার্যালয়) হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০১১ সালে ভবনটির ছাদ, বিমসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে ২০১২-১৩ অর্থবছরে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার ও চুনকাম করা হয়। এর তিন-চার মাস পর আবার ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিতে থাকে। বর্তমানে ভবনের ছাদ, দেয়াল ও প্রতিটি বিমে ফাটলের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। খবর পেয়ে ২৫ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক এবং এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বিদ্যালয়টি পরিদর্শন করেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তার ও সাগর মিয়া বলে, বিদ্যালয়ের ছাদে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। শ্রেণিকক্ষে সব সময় ভয়ে থাকতে হয়।
সহকারী শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যালয়ে আসার পর সারাক্ষণ ভয়ে থাকি কখন ছাদ ভেঙে পড়ে।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে এলাহি খান বলেন, ‘ভবনটির এহেন অবস্থার কথা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফজলুল হক বলেন, ভবনটির যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।
মোহাম্মদ মফিজুল হক বলেন, ‘ভবনটির দুরবস্থার কথা স্যারকে (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) জানিয়েছি। আশা করি, দ্রুত নতুন ভবনের জন্য বরাদ্দ আসবে।’
এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ভবনটি দেখে আমার মনে হয়েছে, এটি ঝুঁকিপূর্ণ। তবে এটি পরিত্যক্ত ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে।’