বিমে ফাটল সত্ত্বেও নির্মাণকাজ শুরু?
বিমে ফাটল দেখা সত্ত্বেও খাগড়াছড়ির মহালছড়ি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের একটি ভবনের দোতলার নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে দোতলার ছাদ ঢালাইয়ের কাজও শেষ হয়ে গেছে। এদিকে দুর্ঘটনার আশঙ্কায় ওই ভবনে ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।২০০১-০২ অর্থবছরে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ভবন নির্মাণ করা হয়। এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ভবনটির দোতলা নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ভবনের নিচতলার ছাদের চারটি বিমে ফাটল দেখা গেছে।
সম্প্রতি মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলী ভবনটি পরিদর্শন করে সেখানে ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসককেও তিনি চিঠি দিয়েছেন। চিঠিতে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনের দ্বিতীয় তলা নির্মাণ করা হচ্ছে বলেও মতামত দেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা বলেন, ‘ভবনের বিমে আগে থেকেই ফাটল ছিল। ভবনের দোতলা নির্মাণের উদ্যোগ নেওয়া হলে আমরা মৌখিকভাবে আপত্তি করি। কিন্তু আমাদের আপত্তি অগ্রাহ্য করে দোতলার নির্মাণকাজ শুরু হয়।’
মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমা বলেন, এই অবস্থায় দোতলা নির্মাণের কোনো দরকার ছিল না। বিদ্যালয়ের আরও অনেক জায়গা রয়েছে, যেখানে ভবনটি নির্মাণ করা যেত। তিনি বলেন, যে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন করা হচ্ছে, তার চেয়ে না করাই ভালো ছিল। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা বলেন, ‘আমরা ভবনের ভাঙন পরীক্ষা করব। পরীক্ষার পর এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ভবন নির্মাণের অভিযোগ সম্পর্কে জীবন রোয়াজা বলেন, ‘আমরা দেখব কাজে কতটা মান বজায় রাখা হয়েছে। যদি কাজের মান খারাপ হয়, তাহলে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জীবন রোয়াজা দাবি করেন, নির্মাণকাজ শুরুর সময় বিমে ফাটল ছিল না। এখন যে ফাটল দেখা দিয়েছে, তা তেমন গুরুতর নয়।