বিমের নিচে চাপা পড়া তিন বাংলাদেশিই মারা গেছেন
মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের একটি বিমের নিচে চাপা পড়া তিন বাংলাদেশি শ্রমিকই মারা গেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
আজ তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ওই তিন বাংলাদেশি শ্রমিক হলেন মো. ফারুক খান, মোহাম্মদ ইলাহী হোসেইন ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক।
মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় উড়ালসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান মাস র্যাপিড ট্রানজিট করপোরেশন (এমআরটি কর্প) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এমআরটি কর্পের একটি বিবৃতি উল্লেখ করে দ্য স্টার ডটকমের খবরে বলা হয়, ৩৮ মিটার লম্বা ও ৩০০ টন ওজনের বিমটি সিমেন্টের তৈরি আড়াআড়িভাবে স্থাপিত কাঠামোর ওপর তোলার সময় হঠাত্ করে নিচে পড়ে যায়। এ সময় এর নিচে অবস্থানরত বাংলাদেশের এই শ্রমিকেরা চাপা পড়েন।
এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন এমআরটি কর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ইরা আজহার আবদুল হামিদ। তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার এক খবরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (এফআরডি) খবরে বলা হয়, ফারুক খান ও আলাউদ্দিন মল্লিকের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় সুনগাই বুলোহ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে মোহাম্মদ ইলাহী হোসেইনের লাশও একই হাসপাতালে নেওয়া হয়।
এদিকে উড়ালসড়কের বিমে চাপা পড়ে বাংলাদেশি নির্মাণশ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এক টুইটার বার্তায় তিনি নিহতের ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি দ্রুত এ ব্যাপারে তদন্ত চালানোর নির্দেশ দেন।