বিয়ে করতে এসে বর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে কারাগারে গেলেন বর জাহাঙ্গীর আলম (৩২)। গত শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার মটপুকুরিয়া গ্রামের হাইপত আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের আবুল কালামের মেয়ে (জেএসসি পাস) কুইন আক্তারের (১৪) বিয়ে ঠিক হয়। নিজের গ্রামের লোকজনকে না জানিয়ে মেয়ের বাবা কৌশলে কুইনের নানাবাড়ি পাশের ধনতলা গ্রামে বিয়ের সব আয়োজন করেন। পরে গ্রামবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনকে অবহিত করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, ইউএনওর নির্দেশে পুলিশ গিয়ে বর জাহাঙ্গীর আলমকে আটক করে। অন্য কাউকে পাওয়া যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান বর জাহাঙ্গীর আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল শনিবার তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।