বিয়ে ভেঙে যাওয়ায় তরুণীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সদস্যসংখ্যা ১০ জন। স্বামী-স্ত্রী দিনমজুর। তাঁদের বড় ছেলে ট্রাকচালকের সহকারী (হেলপার)। এই তিনজনের রোজগারে কোনোমতে সংসার চলে। এই পরিবারের বড় মেয়ে রহিমা বেগমকে (১৮) বরপক্ষ দুইবার দেখে গেছে। পাত্রী পছন্দ হলেও পরিবারের অবস্থা দেখে তারা (বরপক্ষ) ফিরে যায়।
বিয়ে ভেঙে যাওয়ায় অভিমানে রহিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, রহিমার বাবার নাম সফিক মিয়া। রহিমা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। তাঁরা চার ভাই ও তিন বোন। পরিবারে তাঁদের দাদিও আছেন। গতকাল সকালে রহিমার মা-বাবা ও বড় ভাই কাজে চলে যান। ঘরে তিনি (রহিমা) একা ছিলেন। দুপুর সোয়া একটার দিকে তাঁর মা বাড়ি ফিরে খুপরিঘরের দরজা বন্ধ দেখেন। বেশ কিছু সময় তিনি ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রহিমার লাশ ঝুলতে দেখেন। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে বিষয়টি পুলিশকে জানান। দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমার লাশ উদ্ধার করে।
সফিক মিয়া জানান, তাঁর মেয়ের সঙ্গে পরিবারের কারও মনোমালিন্য বা বিরোধ ছিল না।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, একদিকে অভাবের সংসার, অন্যদিকে দুবার বিয়ে ভেঙে গেছে—এসব কারণে অভিমানে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।