বাল্যবিবাহের কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অন্তত ২৭ জন ছাত্রী গতকাল শুক্রবার শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে এক ছাত্রীর বিয়ে হয়েছে গতকালই।
বাল্যবিবাহ হওয়া ছাত্রীদের মধ্যে ১৬ জন জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) এবং ১১ জন জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থী ছিল। উপজেলার পাঁচটি বিদ্যালয়, দুটি মাদ্রাসার শিক্ষকসহ বিয়ে হওয়া তিন ছাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এর মধ্যে ডুবি শরিহতউল্লাহ দাখিল মাদ্রাসার এক ছাত্রীর (জেডিসি পরীক্ষার্থী) বিয়ে হয়েছে গতকালই। মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বাল্যবিবাহের কারণে বিদ্যালয়ের তিন ছাত্রী পরীক্ষা না দেওয়ায় অষ্টম শ্রেণিতেই তাদের শিক্ষাজীবনের ইতি ঘটেছে বলে মনে করছেন এ বি নুরজাহান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ।
গত সেপ্টেম্বর মাসে এ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর বিয়ে হয়। বাড়ি সিংপুর ইউনিয়নে। নাম না প্রকাশের শর্তে ওই ছাত্রীর বাবা বলেন, ‘ভালো ছেলে পেয়েছি, সে কারণে মেয়েকে বিয়ে দিয়েছি। এটা দোষের কী।’
এ বি নুরজাহান বিদ্যালয়ের বিয়ে হওয়া আরেক ছাত্রীর বাড়িও একই ইউনিয়নে। ছাত্রীর বাবার বক্তব্য হচ্ছে, ‘মেয়ে বড় হয়েছে, তাই বিয়ে দিয়েছি। আমরা গরিব মানুষ, কী হইব বেশি লেখাপড়া দিয়া।’
আর করগাঁও ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ১০ ছাত্রীই জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি। বাল্যবিবাহের কারণে তারা পরীক্ষা দিতে পারেনি বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব গতকাল প্রথম আলোকে জানিয়েছেন।
বাল্যবিবাহের কারণে ২৭ ছাত্রী পরীক্ষায় অংশ নিতে না পারায় ‘বিব্রত’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান হাবিব। তিনি বলেন, অশিক্ষা ও দারিদ্র্যের কারণে অকালেই শিক্ষার্থীরা ঝরে পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য এক হাজার ৬৭৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। গতকাল প্রথম পরীক্ষায় ৫০ জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে ৩৮ জন মেয়ে ও ১২ জন ছেলে। পরীক্ষায় অনুপস্থিত থাকা ছাত্রদের বিষয়ে শিক্ষকেরা বলছেন, পরিবারের অর্থসংকটের কারণে তাদের অনেকেই বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়েছে।
দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১৬১ জন। এর মধ্যে ১৬০ জনই পরীক্ষা দিয়েছে। প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, বাল্যবিবাহ হওয়ায় এক ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি।
ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, দুই সপ্তাহ আগে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি।
পরীক্ষার আগে প্রবেশপত্র নেয়নি নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী। তার ভাগ্যেও একই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতীন্দ্র চন্দ্র চক্রবর্তী।
গুরুই নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানারা বেগম বলেন, ‘আমার বিদ্যালয়ের এক ছাত্রী বাল্যবিবাহ হওয়ায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি।’
মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মাহবুব রহমান বলেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, বাল্যবিবাহের কারণে অন্তত ১০ ছাত্রী গতকাল জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি।
নিকলী জেএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার সাহা বলেন, বাল্যবিবাহের কারণে এলাকার অনেক মেয়ে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ছে।
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিকলী উপজেলা) এ জেড এম সারজিল হাসান গতকাল রাতে মুঠোফোনে বলেন, স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে জানালে অবশ্যই এসব বাল্যবিবাহ বন্ধ করা যেত। প্রশাসনের উদ্যোগে এ ধরনের অনেক বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।